মহেশপুরে কাঁচা মরিচের কেজি ২০০ টাকা

সংবাদদাতা, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে বাজারগুলোতে কাঁচা মরিচের কেজি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ৫ দিন আগে কাঁচা মরিচের কেজি ৪০-৭০ টাকায় বিক্রি হলেও ঈদের এক দিন পরই তা বেড়ে দাঁড়িয়েছে ২০০ টাকা। মঙ্গলবার শহরের জলিলপুর ও বেলেমাঠ বাজারে খুচরা বিক্রেতারা ক্রেতাদের কাছে ৫০ টাকায় ২৫০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি করে। এসময় খুচরা বিক্রেতাদের সাথে ক্রেতাদের বাক-বিতন্ডা হতে দেখা গেছে । একইভাবে বুধবার মহেশপুর দৈনিক বাজারে কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি করছে বিক্রেতারা ।
মহেশপুর দৈনিক বাজারের ব্যবসায়ী শুকুর আলীর কছে কাঁচা মরিচের এত দাম বেশি কেন জানতে চাইলে তিনি জানান, বাজারে মরিচের সংকট থাকায় বেশি দরে কিনে আনা হয়েছে, যার কারণে বেশি দামে বিক্রি করা হচ্ছে।
মহেশপুর বাজারের কয়েকজন ক্রেতা ক্ষোভের সাথে জানান, একে তো চালের বাজারে আগুন তার ওপর এখনো খুব বেশি বৃষ্টিও হয়নি যে, ঝাল-গাছ নষ্ট হয়ে যাওয়ার কারণে দাম বাড়াতে হবে। বাজার মনিটরিং না থাকায় যে যার ইচ্ছে মতো দাম হাঁকিয়ে যাচ্ছে। আমরা যাব কোথায় ?
মহেশপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক ফসিয়ার রহমানের মুঠোফোনে যোগাযোগ করে তাকে না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।




