
পতাকা ডেস্ক : উপুর্যুপুরি গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ বিকেলে পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির আহবায়ক ও সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান চৌধুরী বলেন, অর্থনৈতিক সংকটে জনগণের নাভিশ্বাস উঠেছে। ডলারের সংকটে ব্যবসায়ীরা এলসি করতে পারছেনা। সামনে আসছে রমজান ও সেচ মৌসুম। এই মূহুর্তে সরকার উপুর্যুপুরি গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়ে চলেছে। এই সংকটময় মুহূর্তেও লুটপাট অব্যাহত রাখতেই সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করছে।

বিশেষ অতিথির বক্তব্যে মজিবুর রহমান মন্জু বলেন, পৃথিবীতে দুই ধরনের স্বৈরশাসক আছে। এক ধরনের স্বৈরশাসক মানুষের জীবন যাত্রায় সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়ে তাদের অধিকার কেড়ে নেয়। তারা মনেকরে জীবন যাত্রার মান ঠিক থাকলে, সুযোগ সুবিধা পেলে মানুষ মানবাধিকার, ভোটের অধিকার এবং গণতন্ত্র নিয়ে আর মাথা ঘামাবেনা। আরেক ধরনের স্বৈরাচার মানুষকে সবদিক দিয়ে নিস্পেষনের উপর রাখে। মানুষ যেন জীবন বাঁচাতেই হিমশিম খায়। ভাত ও রুটি যোগাতেই তার শক্তি যেন নিঃশেষ হয়ে যায়। ভোট, গণতন্ত্র, মানবাধিকার, দেশের সম্পদ লুটপাট নিয়ে সে যেন ভাবারই সুযোগ না পায়। বর্তমান সরকার শেষোক্ত ধরনের নিকৃষ্ট স্বৈরাচার। এরা শুধু জনগণকে নিস্পেষণ করছেনা পুরো দেশটাকেই ধ্বংস করে দিচ্ছে। এদের থেকে মুক্তির জন্য দরকার সর্বাত্মক সংগ্রাম।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আওয়ামীলীগের ইতিহাসই দুর্ভিক্ষের ইতিহাস, লুটপাট আর দূর্নীতির ইতিহাস। গণতন্ত্র আর ভোটাধিকারের বুলি আওড়িয়ে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী এই দলটি এখন স্বাধীনতার ঘোষণা পত্র ও সংবিধানের সকল ধারা উপধারা ধ্বংস করে আজ চরম স্বৈরাচারে পরিনত হয়েছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, যুবপার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক এম ইলিয়াস আলী, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মিনহাজুল আবেদীন শরীফ, মহানগর উত্তরের সদস্য সচিব ফিরোজ কবির, দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, আহমাদ বারকাজ নাসির, ছাত্র বিভাগের সমন্বয়ক মোঃ প্রিন্স, দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা নাসির আব্দুল্লাহ, নারী নেত্রী আমেনা বেগম, জেসমিন আক্তার মুক্তা, আব্দুর রব জামিল, পল্টন থানার আহবায়ক এ্যাড. আব্দুল কাদের, হাতিরঝিল থানা আহবায়ক রিয়াজ উদ্দিন খান সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




