শিক্ষাশিরোনাম

৯ মাসে ডাকসু নেতাদের ব্যয় সাড়ে ৮৩ লাখ টাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের পর গত মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ মাসে ৮৩ লাখ ৫১ হাজার ৩০৪ টাকা খরচ করেছেন। বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির খরচ হিসেবে তহবিল থেকে এই অর্থ উত্তোলন করেছেন তারা। তবে ডাকসুর বাজেটে সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ থাকলেও এক টাকাও তোলেননি তিনি। গত শনিবার ডাকসুর চতুর্থ কার্যনির্বাহী সভায় এ হিসাবপত্র প্রকাশ করা হয়।
বর্তমান কমিটির জন্য পাস হওয়া বাজেটের আকার ১ কোটি ৮৯ লাখ টাকা। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে স্পন্সর থেকে ডাকসু নেতারা ৬ লাখ ৮৭ হাজার ৫০৪ টাকা পেয়েছেন বলে প্রকাশিত হিসাবপত্রে উল্লেখ করা হয়েছে।
প্রকাশিত হিসাব অনুযায়ী, ডাকসুর ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তহবিল থেকে ১৯ লাখ ৮১ হাজার টাকা, সাহিত্য সম্পাদক মাজহারুল কবির ১৩ লাখ ৭১ হাজার ৮৩৪ টাকা, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাহরিমা তানজিন অর্ণি ৬ লাখ ৭১ হাজার ৯০০ টাকা, স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী ৭ লাখ ৮২ হাজার ১২০ টাকা, সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার ১২ লাখ ৬৫ হাজার টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী ৯ লাখ ৯৯ হাজার টাকা, সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ছাত্র পরিবহন সম্পাদক শামস-ঈ-নোমান ৫৮ হাজার ৭০০ টাকা উত্তোলন করেছেন।
ডাকসুর সদস্যদের মধ্যে তহবিল থেকে তানভীর হাসান ৯০ হাজার টাকা, রাকিবুল হাসান ৬১ হাজার ৭০০ টাকা, রাইসা নাসের ৭৪ হাজার ৫০ টাকা, রকিবুল ইসলাম ২ লাখ ২০ হাজার টাকা, মুহা. মাহমুদুল হাসান ৯৪ হাজার ৫০০ টাকা, রফিকুল ইসলাম ৩০ হাজার টাকা, ফরিদা পারভীন ৬১ হাজার ৫০০ টাকা, সাইফুল ইসলাম ১ লাখ টাকা এবং যোশীয় সাংমা তহবিল থেকে ৪০ হাজার টাকা উত্তোলন করেছেন। সদস্যদের জন্য আলাদা কোনো বাজেট না থাকায় এই অর্থ তারা সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানীর তহবিল থেকে উত্তোলন করেছেন।
গত বছর ৩০ মে পাস হওয়া ডাকসুর বাজেটে ভিপি, জিএসসহ নয়জন সম্পাদকের জন্য বরাদ্দ রাখা হয়। এজিএস ও ১৩ জন সদস্যকে কোনো বাজেট দেওয়া হয়নি। জিএসের সহায়ক হিসেবে এজিএসের ও ৯ সম্পাদকের সঙ্গে ১৩ জন সদস্যের কাজ করার কথা। বাজেটে আনুষঙ্গিক খরচ হিসেবে ভিপিকে বরাদ্দ করা হয়েছিল ৫ লাখ টাকা। জিএসকে তিন খাতে ৫২ লাখ টাকা বরাদ্দ করা হয়। এর মধ্যে অভিষেক অনুষ্ঠানের খরচ হিসেবে ৩০ লাখ, সাধারণ অনুষ্ঠানের খরচ হিসেবে ১৭ লাখ ও আনুষঙ্গিক খরচ হিসেবে তাকে বরাদ্দ করা হয়েছিল ৫ লাখ টাকা।
এছাড়া স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদককে ১০ লাখ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদককে ১৫ লাখ, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদককে ১০ লাখ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদককে ১৫ লাখ, সাহিত্য সম্পাদককে ১৫ লাখ, সংস্কৃতি সম্পাদককে ১৫ লাখ, সমাজসেবা সম্পাদককে ১৩ লাখ, ক্রীড়া সম্পাদককে ২০ লাখ এবং ছাত্র পরিবহন সম্পাদককে ১৫ লাখ টাকা বরাদ্দ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button