
নয় তলা একটি ভবনের ছাদ থেকে লাফ দিয়ে ১৪ বছরের এক কিশোরী আত্মহত্যা করেছে। এ ঘটনার ভিডিও চিত্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তোলপাড়। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের উত্তর মুম্বাইয়ের কান্দিভলি এলাকায় ঘটে এ ঘটনা।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভবনটির পঞ্চম তলায় থাকত ওই কিশোরী। লাফ দিতে গেলে প্রত্যক্ষদর্শীরা তাকে বারণ করেছিলেন। কিন্তু সে কারো কথা শোনেনি। নয় তলা থেকে লাফ দেয়ার এই ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করা হয়। পরে তা অনলাইনে আপ করলে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়।
গুরুতর আহত অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ঘটনাটি ‘দুর্ঘটনাজনিত মৃত্যু’ হিসেবে নথিভুক্ত করেছে স্থানীয় পুলিশ।
এ বিষয়ে পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘কিশোরীর আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কার্যকলাপ ও মোবাইল ফোন খতিয়ে দেখা হচ্ছে।’




