
কেউ আবার মা বলে ডাকুক। এই ইচ্ছে থেকেই লড়াইটা শুরু হয়েছিল। পাশে ছিলেন চিকিত্সকরা। বয়সকে হেলায় হারিয়েছেন শুক্লা রায়। ৫৮-তে মা হয়েছেন তিনি। আর এই ঘটনাটি রীতিমতো সাড়া ফেলেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে।
তার নাম শুক্লা রায়। বর্তমানে বয়স ৬০ বছর। ঠিকানা কলকাতার নাকতলা।
২০১৩ সালে দুর্গাপুরে থাকার সময় রায় দম্পতির সুখের সংসারে হঠাত্ই ঝড় আসে। দুর্ঘটনায় শুক্লা রায় হারান তার একমাত্র মেয়েকে। শোকস্তব্ধ পরিবারে বদল আনে সংবাদপত্রের একটি খবর…শুরু হয় চিকিত্সা। পথটা মোটেই সহজ ছিল না। তবে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গিয়েছিলেন শুক্লা রায়। অবশেষে সব সাধনার ফল মিলল… মায়ের কোল আলো করে এলো ছোট্ট আরাধ্যা। পুরনো সব শোক দুঃখকে জয় করে এখন বাঁচার নতুন অর্থ খুঁজে পেয়েছেন শুক্লা। শুক্লা রায় বলছেন, বয়স কোনো ফ্যাক্টর নয়। মনের জোর আর ইচ্ছেটাই আসল। ছোট্ট আরাধ্যাকে ঘিরে প্রাণ ফিরে পেয়েছে রায় পরিবার। শোকস্তব্ধ পরিবারে এখন শুধুই আনন্দ…




