
নীলফামারী প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ আটক করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ।
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে। টাকা গণনা চলছে। তিনি জানিয়েছেন, এটা ব্যবসার টাকা।
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে নগদ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম।
এদিকে, সৈয়দপুরে প্রায় ৫০ লাখ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান আটকের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেছেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধার ভিন্নখাতে নেয়ার চক্রান্ত। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট না, তার ব্যবসার টাকা।
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের বহন করা টাকা কাস্টমসের অনাপত্তিপত্র নিয়ে সৈয়দপুরে গিয়েছে বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।
রাগিব সামাদ বলেন, দেশের অভ্যন্তরে যে কোনো পরিমাণ টাকা বহনে বিধিনিষেধ নেই। ঠিক একইভাবে অভ্যন্তরীণ বিমানে টাকা পরিবহনে বিধিনিষেধ বা বিধিমালা নেই। আমাদের দেশের ব্যবসায়ীরা নিয়মিত ঢাকা-চট্টগ্রামে এ ধরনের টাকা বহন করেন। তবে ইন্টারন্যাশনালের ক্ষেত্রে একটা রুলস আছে, বছরে ১২ হাজার ডলারের বেশি কেউ বহন করতে পারবেন না।




