৪ দিন লড়েও বাঁচতে পারলেন না ৪ বছরের রোজা

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণে অগ্নিকাণ্ডে ঘটনায় বাবা,মা ও ছোট বোনের মৃত্যুর ৪দিন পর অবশেষ অগ্নিদগ্ধ রোজা (৪) নামের শিশুটি মারা গেছে।
শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টায় শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আই সি ইউ তে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ।
এবিষয়ে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্র জানায়, বিস্ফোরনে অগ্নিদগ্ধ অবস্থায় রোজা (৪) ভর্তির পর থেকেই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন, তার শরীরের অন্তত ৫০ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছিল।
উল্লেখ্য এর আগে গত মঙ্গলবার (১৫ আগস্ট) ভোরে কেরানীগঞ্জে মডেল থানাধীন গদাবাগ এলাকায় কেমিক্যালের গোডাউনে বিস্ফোরণের পর অগ্নিদগ্ধের ঘটনায় মৃত রোজার মা মিনা বেগম(২২) তার ছোট বোন তাইয়েবা (২), চাচি জেসমিন আক্তার (৩৫) এবং অষ্টম শ্রেণীতে পড়ুয়া চাচাতো বোন ইশা (১৪) ঘটনাস্থলেই নিহত হয়েছিল। মারাত্মক অগ্নিগদ্ধ অবস্থায় রোজার ও তার বাবা সোহাগ মিয়াকে এলাকাবাসী উদ্ধার করে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঐদিন দুপুরেই সোহাগ মিয়ার মৃত্যু হয়। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত মোট ৬ জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন।




