৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ সিংগাইরে ১ সপ্তাহ পর মিলল যুবলীগ নেতার তুলে নেয়া মেকানিকের হদিস

সিরাজুল ইসলাম, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের পারিল-নওয়াধা গ্রাম থেকে যুবলীগ নেতার তুলে নেয়া মোসলেম নামের মেকানিকের হদিস মিলেছে। শনিবার (৮ অক্টোবর) দুপুরে ওই ভুক্তভোগী থানায় স্বশরীরে হাজির হয়ে বলধারা ইউনিয়ন যুবলীগ সভাপতি মামুনসহ ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অন্য অভিযুক্তরা হলেন, সিংগাইর ডিগ্রী কলেজ ছাত্র সংসদের এজিএস মোস্তাফিজুর রহমান মিঠু, হাসান ও আবুল কালাম।
ভুক্তভোগী মেকানিক মোসলেম উদ্দিন গাইবান্ধা সদর থানার ফকিরের বাজার কচুর খামার এলাকার মৃত আকবর আলীর পুত্র। তাকে ১ অক্টোবর পারিল-নওয়াধা মাজার পাড়া গ্রামের মনির হোসেনের বাড়ি থেকে যুবলীগ নেতা মামুনসহ অপর ৩ জনে তুলে নিয়ে যায়। অভিযুক্তদের দাবী নারী সংক্রান্ত ব্যাপারে তাকে আনা হলেও পরে গৃহকর্তা মনিরের কাছে বুঝিয়ে দেয়া হয়।
এদিকে, মোসলেম উদ্দিন ৭ দিন পর প্রকাশ্যে গণমাধ্যম কর্মীদের কাছে ভিন্ন তথ্য প্রকাশ করেছেন। মোসলেম জানিয়েছেন, ঘটনার দিন তাকে জোরপূর্বক পারিল বাজারের অদূরে ভূমি অফিসের পাশে পরে সেখান থেকে পাশর্^বর্তী বায়রা ইউনিয়নের বাইমাইল এলাকায় নিয়ে মেয়ে সংক্রান্ত মিথ্যা অপবাদ দিয়ে মাররধর করে। তার ব্যবহৃত মোবাইল সেট ও ২শ টাকা ছিনিয়ে নেয় এবং হুমকি-ধমকি দিয়ে এলাকাছাড়া করে। আহত অবস্থায় মোসলেম সাভারের এক আত্মীয়র কাছে আশ্রয় নিয়ে ৪ দিন চিকিৎসা নেন । সুস্থ হয়ে বাড়ির মালিক মনির হোসেন ও তার স্ত্রী লাভলী আক্তারের সহায়তায় থানায় অভিযোগ দায়ের করেন। মোসলেম আরো জানান, অভিযুক্ত মিঠু তার স্ত্রীকে মোবাইল ফোনে থানা পুলিশ না করার জন্য হুমকিও দিচ্ছে।
এ ব্যাপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার এসআই মাহফুজ হাসান বলেন, মোসলেমকে মারধর ও হুমকি-ধমকি দিয়ে এলাকাছাড়া করার অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে বলেও তিনি জানান।




