
আগামী ১০ মের মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শূন্যপদে ৩৬তম বিসিএস নন-ক্যাডার (সুপারিশ বঞ্চিত) বঞ্চিতদের নিয়োগ না দেয়া হলে আত্মাহুতির হুমকি দিয়েছেন চাকরিপ্রার্থীরা।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। চাকরি প্রার্থীদের অভিযোগ, সরকারি কর্ম কমিশনের পর্যাপ্ত শূন্য পদ থাকার পরও যোগ্য সহস্রাধিক পরীক্ষার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হচ্ছে না, যা অত্যন্ত অমানবিক। নির্ধারিত সময়ের মধ্যে তাদের নিয়োগের সুপারিশ না করা হলে পিএসসির সামনে সংশ্লিষ্ট চাকরি প্রার্থী স্বেচ্ছায় আত্মহুতি দিবেন বলে ঘোষণা দেন তারা।
লিখিত বক্তব্যে ৩৬তম বিসিএস নন-ক্যাডার (সুপারিশ বঞ্চিত) প্রার্থীদের পক্ষে সংগঠনের আহ্বায়ক জহিরুল ইসলাম বলেন, প্রায় ১ হাজার চাকরিপ্রার্থী ৩৬তম বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ পাননি।
গত ১৫ মার্চ প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে মাত্র ২৮৪টি পদে এবং মাত্র ৬ দিন পর ২২ মার্চ ২য় শ্রেণিতে ৯৮৫টি পদে অর্থাৎ ৩৬তম বিসিএসে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য অপেক্ষামান ২,৭০০ জন যোগ্য প্রার্থীর মধ্যে মাত্র ১,২৬৯ জন কে সুপারিশ করে সুপারিশ সম্পন্ন হয়েছে বলে ঘোষণা করা হয়। প্রায় ৩ বছর সাধনা করে প্রায় ১৫শ নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ১,৪৩১ জন প্রার্থীচাকুরিতে সুপারিশ বঞ্চিত হয়েছে। যার মধ্যে প্রায় ১,০০০ জন প্রার্থী সম্পূর্ণ বেকার এবং বেশিরভাগ প্রার্থীর সরকারি চাকরির বয়স শেষ। বিগত ৩৪ ও ৩৫তম বিসিএস থেকে প্রায় শতভাগ নিয়োগ দেয়া হলেও এবার অদৃশ্য কারণে ৩৬তম বিসিএস থেকে মাত্র ৪৭ শতাংশ নিয়োগের সুপারিশ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, পিএসসির নিয়ম হলো পূর্বের বিসিএস এর নন-ক্যাডারের জন্য অপেক্ষামানদের সুপারিশ অব্যাহত রাখা হয় পরবর্তী বিসিএস এর চূড়ান্ত ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত। যা ৩৪ ও ৩৫তম বিসিএস এর নন-ক্যাডার নিয়োগের ক্ষেত্রে দেখেছি। কিন্তু ৩৬তম বিসিএস এর প্রায় ১,০০০ যোগ্য প্রার্থীকে পদ থাকা সত্ত্বেও চাকরিতে সুপারিশ না করে দ্রুততম সময়ের মধ্যে ৩৭তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে যাচ্ছে পিএসসি। যা পূর্ববর্তী বিসিএস গুলো থেকে নন-ক্যাডার নিয়োগের ক্ষেত্রে প্রচলিত রেওয়াজের সম্পূর্ণ বিপরীত। বিগত দুটি বিসিএসে একাধিক সুপারিশের তালিকা প্রকাশ করা হলেও এবার মাত্র দুটি তালিকা প্রকাশ করে সুপারিশ শেষ হওয়ার ঘোষণায় আমরা অবাক এবং চরম হতাশ হয়েছি।
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে মোট ৫,৬৩৩ জন পরিক্ষার্থী উত্তীর্ণ হয়। এর মধ্যে ২,৩২৩ জন কে বিভিন্ন ক্যাডারে এবং ক্যাডারেপদ স্বল্পতার জন্য ৩,৩০৮ জন কে নন-ক্যাডার তালিকায় রাখা হয়। যার মধ্যে ২,৭০০ জন প্রার্থী নন-ক্যাডারে চাকরির জন্য পিএসসি তে আবেদন করে।
ইত্তেফাক




