sliderআইন আদালতশিরোনাম

৩০ বিচারপতির পদত্যাগের দাবিতে আইনজীবীদের পদযাত্রা

প্রধান বিচারপতির আশ্বাসে ২১ অক্টোবর পরবর্তী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নিয়োগকৃত হাইকোর্ট বিভাগের দুর্নীতিবাজ ও দলকানা বিচারপতিদের পদত্যাগ বা অপসারণের দাবিতে প্রধান বিচারপতির কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে থেকে প্রধান কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন আইনজীবীরা।

এরপর প্রধান বিচারপতির প্রধান প্রবেশদ্বারে আইনজীবীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। ব্যারিস্টার এম আশরাফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে শতাধিক আইনজীবী অংশ ‍নিয়ে ৩০ বিচারপতির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় আইনজীবীদের একটি প্রতিনিধি দল প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেন। দুপুর ২টার দিকে সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক গীয়াস উদ্দিন আহমেদ, মহসীন রশিদ, শাহ আহমেদ বাদল, সৈয়দ মামুন মাহবুব, এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, কাজী জয়নাল আবেদীন ও জুলফিকার আলী জুনু প্রধান বিচারপতির সাথে বৈঠক করেন।

সাক্ষাৎ শেষে আইনজীবীরা জানান, প্রধান বিচারপতির আশ্বাসের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের ৩০ বিচারপতির পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ২১ অক্টোবর ঘোষণা করা হবে।

সাক্ষাৎ শেষে হাইকোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের ব্রিফিং করেন আইনজীবী মহসীন রশিদ ও সৈয়দ মামুন মাহবুব।

ব্রিফিংয়ে তারা জানান, আজকে ৩০ জন বিচারপতির ছবি ও নাম প্রকাশ করার কথা ছিল। কিন্তু প্রধান বিচারপতির আহ্বানে তা স্থগিত রাখা হয়। কেননা প্রধান বিচারপতি আইনজীবীদের দাবির যৌক্তিকতার ব্যাপারে একমত পোষণ করেণ।

তিনি বলেন, তার সাংবিধানিক ক্ষমতার মধ্যে সর্বোচ্চ যা করা সম্ভব তিনি অবশ্যই তা করবেন। এবং তা ২০ অক্টোবরের মধ্যে দৃশ্যমান হবে।

এ বিষয়ে আইনজীবী নেতারা প্রধান বিচারপতিকে স্মরণ করিয়ে দেন সংবিধানের ১০৭ (৩) অনুচ্ছেদ অনুযায়ী দুর্নীতিবাজ ও দলবাজ বিচারপতিদের ছুটিতে পাঠানো যেতে পারে।

জবাবে প্রধান বিচারপতি আইনজীবীদের বলেছেন, আমি এটাও সক্রিয় বিবেচনায় রাখছি। এই পরিপ্রেক্ষিতে আইনজীবীরা আগামী ২১ অক্টোবর বৈঠক করে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী কর্মসূচি প্রণয়ন করবেন।

ব্রিফিংয়ে আইনজীবী মহসীন রশিদ বলেন, আমরা এর আগে প্রধান বিচারপতিকে ৩০ জনের একটি লিস্ট দিয়েছি। সাক্ষাতে দেখলাম এই লিস্ট উনার কাছে রাখা আছে। তিনি ওই লিস্ট বরে করে আমাদের দেখিয়েছেন যে তিনি এর ওপর কাজ করছেন। উনার কথা হচ্ছে আমার গণ্ডির মধ্যে, সাংবিধানিক আওতায় যত কিছু করার সেটা উনি করবেন।

তিনি বলেছেন, আপনারা ২০ তারিখের মধ্যে বুঝবেন যে আপনাদের দাবি নিয়ে কাজ করছি। সেটা আপনাদের সামনে দৃশ্যমান হবে যে প্রধান বিচারপতি কাজ করছেন।

সৈয়দ মামুন মাহবুব বলেন, আজ আমাদের কথা ছিল গতকালের মধ্যে ৩০ জন দলবাজ বিচারপতি পদত্যাগ না করলে দলবাজ ও দুর্নীতিবাজ, তাদের নাম ও ছবি আমরা প্রকাশ করব। এই নাম আমরা গত ৭ অক্টোবর প্রধান বিচারপতির কাছে দিয়েছি। মানানীয় প্রধান উপদেষ্টাকেও দিয়েছি। বিএনপিও দিয়েছে। সবারই একটি কমন দাবি।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ২০ অক্টোবরের মধ্যে হাইকোর্ট বিভাগের চরম দুর্নীতিবাজ অযোগ্য দলকানা বিচারপতিদের অবিলম্বে পদত্যাগ বা অপসারণ দাবিতে আল্টিমেটাম দেন আইনজীবীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button