দীর্ঘ ২৮ বছর পর সচল হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যক্রম। শনিবার বেলা ১১টায় ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেনসহ নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন।
এ উপলক্ষে ডাকসু সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে নবনির্বাচিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
এর মধ্যে ভিপি, জিএস ও এজিএসের অফিস রুম প্রস্তুত করা হয়েছে। আজ সবাই নিজ নিজ রুমে বসবেন।
ডাকসু নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২৩টিতেই জয় পায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। ১৮টি হলের ১২টিতেই ভিপি-জিএসসহ অধিকাংশ পদে জয় পায় তারা। বাকি ছয়টিতে ভিপি-জিএসসহ কিছু পদে জয় পায় স্বতন্ত্র প্রার্থীরা।
এর আগে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এক সভায় দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নুর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন।




