
ঐক্যফ্রন্টের নেতারা দাবি করেছেন, ২২ ডিসেম্বরের পর সরকারের কথা শুনবে না প্রশাসন। ধরপাকড়ও থাকবে না তখন। শনিবার ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্টের রোডমার্চের দ্বিতীয় পথসভা গাজীপুরের মাওনা চৌরাস্তায় এসব কথা বলেন ঐক্যফ্রন্টের নেতারা।
এসময় মান্না বলেন, ‘ঐক্যফ্রন্টের জোয়ার দেখে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে। তাই তারা ড. কামাল হোসেন ও আ স ম আবদুর রবের ওপর হামলা করেছে। হামলা-মামলা করে থামানো যাবে না।’
মান্না বলেন, ‘ভোটের দিন কেন্দ্র ঘেরাও করে রাখতে হবে, যাতে কারচুপি না হয়। জাতীয় ঐক্যফ্রন্টে আওয়ামী লীগের চেয়ে বেশি মুক্তিযোদ্ধা আছেন।’
কাদের সিদ্দিকী বলেন, ‘আজকের লড়াই হচ্ছে বঙ্গবন্ধুর সঙ্গে শেখ হাসিনার রাজনীতির লড়াই।’ তিনি বলেন, ঐক্যফ্রন্টে কোনো রাজাকার নেয়নি। শেখ হাসিনা রাজাকারদের দলে টেনেছেন। ভারত থেকে ট্যাংক এলেও শেখ হাসিনা ভোটে জিততে পারবেন না। ২২ ডিসেম্বরের পর হামলা, ধরপাকড় থাকবে না। প্রশাসনও তখন তাদের কথা শুনবে না।’
শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের সভাপতিত্বে এ পথসভায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, ইকবাল সিদ্দিকী প্রমুখ।




