২১ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

রূপগঞ্জ প্রতিনিধি : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর বসছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। আগামী ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলা উদ্বোধন করবেন। রূপগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) তৃতীয়বারের মতো এ মেলার আয়োজন করতে যাচ্ছে সরকার।
সোমবার (১৫ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর দফতর থেকে মেলা উদ্বোধনের দিন নির্ধারণ করে দেয়া হয়েছে। ২১ জানুয়ারি ২৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন মেলার উদ্বোধন করবেন। বিবিসিএফইসিতে মাসব্যাপী চলবে বাণিজ্য মেলা।
রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, স্টল বরাদ্দ, প্রধান ফটক, টিকিটিং বুথ নির্মাণসহ সব খাতের টেন্ডার বা ইজারা প্রক্রিয়া শেষ পর্যায়ে। গত বছরের তুলনায় এবার স্টলের ভাড়া বাড়ানো হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে সব স্টল বরাদ্দ শেষ হবে। আর ইজারা-সংক্রান্ত অন্য সব প্রক্রিয়াও চলতি সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। এবারের বাণিজ্য মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশ অংশ নেবে। পণ্য প্রদর্শনের পাশাপাশি দেশীয় পণ্য রফতানি বড় বাজার খোঁজার লক্ষ্য রয়েছে এতে।
গত বছর মেলায় প্রিমিয়ার প্যাভিলিয়নের ফ্লোরের ন্যূনতম ভাড়া ছিল ২০ লাখ টাকা। এবারের মেলায় তা হয়েছে ২২ লাখ টাকা। একইভাবে ন্যূনতম তিন লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে সাধারণ স্টল চার লাখ টাকা ও সংরক্ষিত স্টল চার লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। আর ৪৭ শতাংশ বাড়িয়ে সংরক্ষিত মিনি প্যাভিলিয়নের ন্যূনতম ভাড়া ১১ লাখ টাকা করা হয়েছে। প্রায় একই হারে স্টল-প্যাভিলিয়নের জামানত বাড়ানো হয়েছে।
এক্সিবিশন সেন্টারের ভেতরে ও সামনের ফাঁকা জায়গা মিলে স্টল থাকবে। এতে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবে। প্রাপ্তবয়স্কদের মেলায় প্রবেশের টিকিট মূল্য ৫০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের ২৫ টাকা করা হয়েছে।
দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলার আয়োজন হয়েছে রাজধানীর শেরে বাংলা নগরে।
করোনা মহামারির কারণে ২০২১ সালে এ মেলার আয়োজন হয়নি। এরপর মহামারির বিধি-নিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবারের মতো মেলার আয়োজন করা হয় পূর্বাচলের বিবিসিএফইসিতে। ২০২৩ সালের মেলায় দেশ-বিদেশের ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন ছিল। মেলায় সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, তুরস্ক, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়াসহ ১০টি দেশের ব্যবসায়ীরা পণ্য প্রদর্শন ও বিক্রি করে।




