২০ শতাংশ করোনা রোগী মানসিক সমস্যায় ভুগছেন

করোনা ভাইরাসের অভিঘাতে গোটা বিশ্বে স্থবিরতা দেখা দিয়েছে। কোভিড-১৯ আক্রান্ত মানুষরা এক সময়ে সুস্থ হয়ে উঠলেও তাদের মধ্যে গড়ে পাঁচ জনে এক জন অর্থাৎ ২০ শতাংশ মানুষ বড় ধরনের মানসিক সমস্যায় ভুগছেন। আন্তর্জাতিক স্বাস্থ্যবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হওয়া ২০ শতাংশ মানুষ ৯০ দিনের মধ্যে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। কোডিভ-১৯ আক্রান্ত হওয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা অনেকের ভেতর উত্তেজনা, হতাশা এবং নিদ্রাহীনতা দেখা দিচ্ছে।
এ বিষয়ে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল হ্যারিসন রয়টার্সকে বলেন, ‘মানসিক সমস্যার কথা অনেকেই বলছে। আমাদের গবেষণায় এই প্রভাব ভালোভাবেই বোঝা যাচ্ছে। বিশ্বের স্বাস্থ্যসেবা রোগীর মানসিক দিকটি বিবেচনায় রেখে প্রস্তুত করা উচিত। প্রায় ৬৯ মিলিয়ন (ছয় কোটি ৯০ লাখ) মানুষের সঙ্গে কথা বলে এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। যাদের মধ্যে ৬২ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত ছিলেন।
গবেষণার ফলাফলে দেখা গেছে, করোনায় আক্রান্ত হওয়ার তিন মাসের মধ্যে প্রতি পাঁচ জনের মধ্যে এক জনের কোনো না কোনো মানসিক সমস্যা দেখা দিয়েছে। এছাড়া আগে থেকে যাদের মানসিক সমস্যা আছে তাদের কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের থেকে ৬৫ শতাংশ বেশি বলেও গবেষণায় উঠে এসেছে।
ইত্তেফাক


