
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, গত ১৬ বছর ধরে কালের কণ্ঠ মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের পক্ষে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। সারা দেশ থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে এনে মানুষের সামনে উপস্থাপন করে আসছে কালের কণ্ঠ। যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
শুক্রবার (১০ জানুয়ারী) দিবাগত রাত ১২টা ১ মিনিটে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার লস্করদিয়া এলাকায় নিজ বাসভবনে কালের কণ্ঠের ফরিদপুর জেলা ও সালথা-নগরকান্দা উপজেলা প্রতিনিধির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী দিনগুলোতে বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় কালের কণ্ঠ আরো শক্ত ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা করি। কালের কণ্ঠ একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য গণমাধ্যম হিসেবে ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আশা করি ২০২৬ সালে জাতীয় নির্বাচনের সময় দেশজুড়ে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করে জাতির সামনে তুলে ধরবে।
দৈনিক কালের কণ্ঠ প্রতিষ্ঠার ১৬ তম বর্ষপূর্তি উপলক্ষে পত্রিকাটির সম্পাদক, কলা-কৌশলীসহ দেশব্যাপী প্রত্যন্ত অঞ্চলে কালের কণ্ঠকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সাংবাদিকদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান শামা ওবায়েদ। তিনি অনুষ্ঠানের শেষাংশে কালের কণ্ঠের ফরিদপুর জেলা ও সালথা-নগরকান্দা প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকল সাংবাদিককে শুভেচ্ছা ও সাধুবাদ জানান।
অনুষ্ঠানে কালের কণ্ঠ ফরিদপুর জেলা প্রতিনিধি মো. নুর ইসলামের সভাপতিত্বে এবং সালথা-নগরকান্দা প্রতিনিধি নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আতাউর রহমান, সালথা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সেলিম মোল্যা, সাধারণ সম্পাদক সাইফুল, সাংবাদিক মনির মোল্যা, সাইফুল ইসলাম মারুফ, জাকির হোসেন, শরিফুল হাসান, বিধান মণ্ডলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।



