শিক্ষাশিরোনাম

১১ মার্চেই ভোট, ডাকসুর তফসিল ঘোষণা

প্রায় তিন দশক পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদগুলোর নির্বাচনের জন্য ১১ মার্চ ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করেন। এ সময় রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তফসিল অনুযায়ী, আগামী ১১ মার্চ ২৫টি পদে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদাধিকার বলে ডাকসুর সভাপতি হয়ে থাকেন।
২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের মনোনয়নপত্র ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ করা যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হল প্রাধ্যক্ষের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
মনোনয়নপত্র জমা ও বাছাই হবে ২৬ ফেব্রুয়ারি। হলেই ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। পরে দুপুর ২টা থেকে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মনোনয়নপত্র বাছাই করা হবে।
প্রার্থীদের যাচাই-বাছাইকৃত প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২টায়। পরদিন ২৮ ফেব্রুয়ারি প্রার্থীদের বিষয়ে আপত্তি থাকলে তা গ্রহণ করা হবে।
প্রার্থীরা তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করার জন্য ২ মার্চ পর্যন্ত সময় পাবেন। ৩ মার্চ চূড়ান্ত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
তফসিল ঘোষণার সময় আরো জানানো হয়, এ ছাড়া আজ সোমবার এই নির্বাচনের জন্য একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ তালিকার বিষয়ে ১৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত আপত্তি গ্রহণ করা হবে। আপত্তি গ্রহণ ও ভুলত্রুটি সংশোধন শেষে ২০ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর সবশেষ সম্পূরক ভোটার তালিকা প্রকাশ হবে ৫ মার্চ।
১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আবাসিক হলগুলোতে স্থাপিত ভোটকেন্দ্রে গিয়ে শিক্ষার্থীরা নিজেদের পরিচয়পত্র দেখিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে তফসিলে উল্লেখ করা হয়েছে। ভোট গ্রহণ ও গণনা শেষে ফল ঘোষণা করা হচ্ছে।
প্রধান রিটার্নিং কর্মকর্তা ড. এস এম মাহফুজুর রহমান আরো জানান, হল সংসদের জন্য তফসিল পরবর্তী সময়ে হল কর্তৃপক্ষ ঘোষণা করবে।
নির্বাচনী তফসিলে বলা হয়েছে, ডাকসুর গঠনতন্ত্রের ৬(বি) ও ৭(এ) অনুচ্ছেদ অনুযায়ী ২৫টি পদে আগামী ১১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হচ্ছে—সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, সাহিত্য সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, ক্রীড়া সম্পাদক, ছাত্র পরিবহন সম্পাদক, সমাজসেবা সম্পাদক ও সদস্যপদে ১৩ জন।
গত মাসের শেষের দিকে এ নির্বাচন বিষয়ে হল প্রাধ্যক্ষ এবং ডাকসু নির্বাচন-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে উপাচার্য আখতারুজ্জামান ডাকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করেন। সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। ডাকসু নির্বাচন চেয়ে আদালতে রিট হয়েছিল, তাতে ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশনা আসে গত বছর হাইকোর্ট থেকে।
কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনে ওই আদেশ স্থগিত করেছিল আপিল বিভাগের চেম্বার আদালত। আপিল বিভাগ ৬ জানুয়ারি সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নিলে নির্বাচন আয়োজনের বাধা কাটে।
এরপর নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমানকে প্রধান রিটার্নিং কর্মকর্তা এবং আরো পাঁচজনকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।
এনটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button