হোলি রঙে রঙিন হোক সবার মন

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলাধীন বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুরি রামেশ্বরপট্টি গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা উপলক্ষে অষ্টম ‘হলি উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এলাকার স্কুল রোডের বটতলার সামনে কালিগঙ্গা নদীর পারে স্থানীয়দের আয়োজনে হলি খেলায় মেতে ওঠেন গ্রামের সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুরা।
রং খেলার পাশাপাশি ডিজে অনুষ্ঠানে কয়েকশ তরুণ-তরুণী অংশ নেয়। আয়োজকরা জানান, শব-ই বরাতের জন্য এ বছর উৎসবটি একদিন আগে উদযাপন করা হয়েছে।

আয়োজকদের অন্যতম দুলাল বিশ্বাস, পলাশ শর্মা জানান, প্রতি বছরই বিশ্ব হলি উৎসবের সাথে মিলে রেখে বটতলা মোড়ে দোল উৎসবের আয়োজন করা হয়। কিন্তু এ বছর শব-ই বরাতের কারণে একদিন আগে ও পরে উৎসব আয়োজন করেন তারা। উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই হলি খেলায় মেতে ওঠেন।
এ উপলক্ষ্যে শুক্রবার থেকে মন্দিরে মন্দিরে পূঁজার আয়োজন করা হয়েছে। এ দিন নিজেদের বসতবাড়িতেও শ্রীকৃষ্ণের পূঁজা করবেন সনাতন ধর্মাবলম্বীরা।
ফাল্গুনের পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন বলে বিশ্বাস সনাতন ধর্মাবলম্বিদের। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়।
দিনটিকে উদযাপন করার জন্য ভক্তরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোলপূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌরপূর্ণিমা নামেও অভিহিহিত করা হয়।




