হোমনাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: গতকাল সোমবার দুপুরে হোমনা উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা তাঁর অফিস কক্ষে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করেন। প্রেস ব্রিফিং এ গণমাধ্যমকে তিনি জানান, ৯ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা তালিকাভুক্ত সারা দেশের ন্যায় হোমনা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। ভিডিও কনফারেন্সে উদ্বোধন অনুষ্ঠানে সরাসরি হোমনা উপজেলা কার্যালয় সংযুক্ত থাকবে, এ লক্ষ্যে সকাল সাড়ে আটটায় যাবতীয় কর্মকা- শুরু করবে হোমনা উপজেলা কার্যালয়। ২ এর প্রকল্পে হোমনায় ২ শতক জমিসহ গৃহ প্রাপ্তির তালিকায় মোট ২১৮টি ভূমিহীন গৃহহীন পরিবারকে চিহ্নিত করা হয়। সে অনুযায়ী ৬টি ইউনিয়নের ১৩টি প্রকল্প স্থানে মোট ২১৮টি একক ঘর নির্মাণ হয়েছে। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বিভিন্ন পর্যায়ে ১৮৫টি পরিবারের মাঝে ২ শতক জমিসহ গৃহ হস্তান্তর করেছেন। ৯ আগষ্ট বুধবার ভিডিও কনফারেন্সে ৪ র্থ পর্যায়ের (২য় ধাপে) চারটি আশ্রয়ন প্রকল্প ঘনিয়ারচর ২৭,ছোট ঘাগুটিয়া ৩,ভিটিকালমিনা ২ ও বিজয়নগর ১ টি সহ মোট ৩৩ টি পরিবারকে দলিল সমূহ, ২ শতক করে জমি সহ গৃহ হস্তান্তর করে হোমনা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ নাহিদ আহম্মেদ জাকির।



