দূর্ঘটনাশিরোনাম

হেলিকপ্টার দুর্ঘটনা : রক্ষা পেলেন ফরিদুর রেজা-ব্রাউনিয়া

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ কয়েকজন। তবে যাত্রীরা সবাই অক্ষত ও নিরাপদ আছেন বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার আনোয়ারা ফাহিম জিয়াউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন রাজশাহী জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবদুল রাজ্জাক খান।
আবদুল রাজ্জাক খান বলেন, ‘বেসরকারি সংস্থার হেলিকপ্টারটি ওড়ার সময় হঠাৎ করেই সড়কের পাশে একটি জলাধারের কাছে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে যাত্রীদের সবাইকে উদ্ধার করা হয়। এতে ছয়জন যাত্রী ছিলেন।’
‘ধারণা করা হচ্ছে, বৈরী আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটি আছড়ে পড়েছে,’ যোগ করেন পুলিশের এই কর্মকর্তা।
যাত্রীদের মধ্যে জনপ্রিয় উপস্থাপক ফারজানা ব্রাউনিয়াও ছিলেন। তিনি স্বর্ণ কিশোরী নামে একটি নেটওয়ার্কের প্রধান। আনোয়ারা ফাহিম জিয়াউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সেই সংগঠনটির একটি অনুষ্ঠানে অংশ নিতেই ফরিদুর রেজা সাগর, ফারজানা ব্রাউনিয়া গিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনার পর কয়েকজন সামান্য আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা সবাই সুস্থ আছেন। এনটিভি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button