
তার ওপর হামলার ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে দাবি করেছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো: আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বিষয়টি ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ সব দূতাবাসে চিঠি দেয়ার কথা জানিয়েছেন। করবেন মামলাও।
আজকের নির্বাচন বর্জন করে এ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেয়ার কথাও বলেছেন দেশজুড়ে আলোচিত এ প্রার্থী।
সোমবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হামলার শিকার হন হিরো আলম। এরপর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে সাংবাদিকদের ভোট নিয়ে প্রতিক্রিয়া দেন তিনি।
তিনি বলেন, ‘ভোটের এরকম পরিবেশ হলে, প্রার্থীদের ওপর হামলা হলে, আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেয়ার কোনো দরকার নেই।’
আওয়ামী লীগ সরকারের অধীনে আগামীতে আর কোনো নির্বাচনে অংশ নেবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘না না, এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন করবো না আমি।’
একতারা প্রতীকের এ স্বতন্ত্র প্রার্থী আরো বলেন, ‘যে নির্বাচনে একজন মাত্র স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা চালানো হয় সেখানে এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’
তার ওপর হামলা পরিকল্পিত ছিল কি না, জানতে চাইলে আলোচিত এ প্রার্থী বলেন, ‘এ হামলা অবশ্যই পরিকল্পিত। কারণ, ওরা (বিরোধীদের) আগে থেকে প্ল্যান করেছিল হিরো আলম কখন কেন্দ্রে ঢুকবে। আমি কেন্দ্রে ঢোকার পর কেন্দ্রের গেট থেকে বের হওয়ার সময়ই আমার ওপর অ্যাটাক করা হয়েছে।’
এসময় হিরো আলম কেন্দ্রের ভেতর ব্যালট মেরে ভোট কারচুপিরও অভিযোগ তোলেন এবং নির্বাচন সুষ্ঠু হয়নি বলে দাবি করেন।
হিরো আলমের উপর হামলা, যা বললেন আ’লীগ প্রার্থী

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, ‘একজন প্রার্থীর ওপর হামলা করা হয়েছে। আমি শুনেছি ও জেনেছি। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। যারা হামলা করেছে, তারা নির্বাচনটিকে বিতর্কিত করার অপচেষ্টা করেছে বলে আমার মনে হয়। আমি এ ঘটনার নিন্দা জানাই।’
সোমবার (১৭ জুলাই) বিকেলে উপ-নির্বাচনে ভোট শেষ হওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানান আরাফাত।
আরাফাত বলেন, ‘আমি চাই নির্বাচন কমিশন (ইসি) যেন সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা বাংলাদেশের নির্বাচনে আর না ঘটে।’
এর আগে সোমবার ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী হিরো আলম বনানী এলাকায় একটি ভোটকেন্দ্র থেকে বের হওয়ার সময় শারীরিকভাবে লাঞ্ছিত হন।
হিরো আলমের প্রধান নির্বাচনী অ্যাজেন্ট মোহাম্মদ ইলিয়াস জানান, প্রার্থীকে বিকেল সাড়ে ৫টার দিকে অজ্ঞান অবস্থায় রামপুরার বেটার লাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এখন তিনি সেখানেই চিকিৎসাধীন।
ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আলমগীর।
নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সামনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘হিরো আলমের ঘটনা একটি অন্যায় এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগ নেয়া হচ্ছে।’
সূত্র : ইউএনবি




