
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস সরস্বতী পূজা এবং সিটি ভোট একদিনে হওয়ায় হিন্দু ভোটারদের মধ্যে ক্ষোভের সঞ্চারের প্রেক্ষাপটে তাদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন।
বুধবার রাজধানীর কদমতলী-শ্যামপুর এলাকায় নির্বাচনী পথসভায় তিনি বলেন, তফসিল ঘোষণার পর প্রার্থী হিসেবে আমি নির্বাচনী প্রচারণা করছি। আমি যেটা জেনেছি নির্বাচন কমিশন আলাপ করেছিল। কিন্তু পঞ্জিকা অনুযায়ী হয়তো একটু ভুল হয়ে গেছে। তাদের প্রতি সমবেদনা-সহমর্মিতা রয়েছে। কিন্তু এখন যেহেতু নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে, সেহেতু আমার নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে হবে। আমি আশা করি সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে।
ফজলে নূর তাপস বলেন, নির্বাচনে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু নেমে গেছে। একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনের আমেজ বজায় রেখেছে। আমরা আশা করি যে, অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচনটা সম্পন্ন হবে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক একটি উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে।
বুধবারের পথসভায় ফজলে নূর তাপস বলেন, পাঁচদিন ঢাকাবাসীর কাছ থেকে আমরা গণসংযোগে ব্যাপক স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। আমরা যে উন্নয়নের রূপরেখা দিয়েছি পাঁচভাবে বিভক্ত করে, ঢাকাবাসী সেটা সাদরে গ্রহণ করেছে। তারা স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশ নিচ্ছেন এবং আমাদের অনেক ভালোবাসা দিয়ে আলিঙ্গন করে নিচ্ছেন। আমি বিশ্বাস করি, ৩০ জানুয়ারি বিপুল ভোটে নৌকার বিজয় হবে। আমরা ঢাকাবাসীর প্রত্যাশা পূরণে দায়িত্ব পাওয়ার প্রথম দিন থেকে কাজ আরম্ভ করব এবং উন্নত ঢাকা গড়ে তুলব।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, সানজিদা খানম, স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন এসময় তাপসের সঙ্গে ছিলেন।




