
রতন রায়হান, রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবনের সময় ৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তেলীটারী কিসিমের ঘাট নালারপাড়ে এই অভিযান পরিচালনা করা হয়। ডিসি ক্রাইমের নির্দেশনায় এবং হারাগাছ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মনিষ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে মাঠে ছিলেন। এ সময় গোপন সংবাদে জানতে পারেন, জনৈক আব্দুল বারীর বাঁশঝাড়ের নিচে কয়েকজন যুবক গাঁজা সেবনের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ৬ জনকে আটক করা হয় গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মনজুদার রহমান (৩২), মোঃ মোকতারুল ইসলাম (১৯), রাসেল (২৬), মনজুদ আলী (৩২), মোঃ নয়ন ইসলাম (৩০), ও তাফসির আহমেদ শুভ (২২)। সকলেই হারাগাছ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
অভিযুক্তদের হেফাজত থেকে উদ্ধার করা হয়— ৩ পুড়িয়া শুকনো গাঁজা (ওজন ৩ গ্রাম), মূল্য আনুমানিক ১৫০ টাকা; গাঁজা সেবনের সরঞ্জাম ২টি কলকি, ১টি লোহার বাটাল, ১টি কাচি, ২টি গ্যাস লাইট ও একটি কাঠের টুকরো। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকামূলে এসব আলামত জব্দ করা হয়। ঘটনার পর হারাগাছ থানায় রংপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮ এর ৯০ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন নং ৫২/২০২৫ দাখিল করা হয়েছে।
গ্রেফতারকৃতদের পরদিন দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পুলিশ জানিয়েছে, এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।




