রাজনীতিশিরোনাম

হামলার ছবি তোলায় মুন্সীগঞ্জে দুই সাংবাদিককে মারধর

মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিলে হামলার ভিডিও ও ছবি ধারণ করতে গিয়ে দুটি টেলিভিশনের দুজন ক্যামেরাপারসনকে মারধর করেছেন আওয়ামী লীগের কর্মীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী আবদুল হাইয়ের মিছিলে এই হামলার ঘটনা ঘটে।
আহত দুই সাংবাদিক হলেন মুন্সীগঞ্জ জেলায় কর্মরত চ্যানেল টুয়েন্টি ফোরের ক্যামেরাপারসন রাজিব হোসেন বাবু ও চ্যানেল আইয়ের ক্যামেরাপারসন আমির জান।
ক্যামেরাপারসন রাজিব হোসেন বাবু বলেন, শহরের সুপার মার্কেট এলাকা থেকে বিএনপি মনোনীত প্রার্থী নির্বাচনী মিছিল শুরু করেন। এরপর হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় অবস্থানকালে আওয়ামী লীগের কর্মীরা হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে তেড়ে আসে। বিএনপির সমর্থকদের ওপর হামলা ও মারধর করলে ক্যামেরায় তার ভিডিও ও ছবি নেওয়ার সময় আওয়ামী লীগকর্মী মো. জসু (২২) ও মো. ফারুক (৩৫) হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে আমাকে মারধর করে। আমার ক্যামেরা জোর করে ছিনিয়ে নিয়ে যায়। এ ছাড়া সহকর্মী চ্যানেল আইয়ের ক্যামেরাও ছিনিয়ে নিয়ে যায়। পরে প্রেসক্লাবে এসে ফিরিয়ে দেয়।
রাজিব হোসেন বাবু জানান, এই ঘটনার পর ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মকবুল হোসেন মুন্সীগঞ্জ প্রেসক্লাসে এসে ক্ষমা চেয়ে গেছেন।
চ্যানেল আইয়ের ক্যামেরাপারসন আমির জান বলেন, আওয়ামী লীগকর্মী জসু ও ফারুক আমাকেও মারধর করেছে। কিলঘুষি দিয়েছে। জোরপূর্বক ক্যামেরা নিয়ে গিয়েছিল। পরে আবার ফিরিয়ে দিয়ে গেছে।
মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আবদুল হাই জানান, হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় সাংবাদিকদের মারধর করা হয়। এই ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি, কেননা সেই পরিবেশ এখন আর নেই বলে জানান তিনি।
জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে এবং বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button