শিক্ষাশিরোনাম

হাফ ভাড়ার দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে বেশ কয়েকটি বাস আটকে বিক্ষোভ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসের সামনে যেসব বাস হাফ ভাড়া নেয় না তাদের আটকিয়ে বিক্ষোভ করেন।
এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দীন মাহী বলেন, এই রুটের সব বাস শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয় না। তাই শিক্ষার্থীরা বিকাশ, ভিআইপিসহ ২০টির বেশি বাস আটকে রেখেছে। আমরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। তবে এ ক্ষেত্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি।
ঢাকা কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন মোল্লা বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। এই রুটের বাসগুলো সরকারি নির্দেশ অমান্য করে হাফ ভাড়া নেয় না। অনেক সময় আমাদের শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করে। তাই শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে। আমি সব বাস মালিকদের অনুরোধ করব, তারা যেন সরকারি নির্দেশনা বাস্তবায়ন করে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেন।
নিউমার্কেট থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ উপায়েই আন্দোলন করেছে। তাদের হাফ ভাড়ার দাবির বিষয়টি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button