
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান গনি হাদি হত্যার বিচারের দাবিতে ঝালকাঠির নলছিটিতে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা এগারোটায় হাদির নিজ বিদ্যাপিঠ নলছিটি ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গনে এ আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নলছিটি ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বাহাউদ্দীন, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজালাল হোসাইনসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এসময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা দেখেছি রাজধানীতে ডাবল মার্ডারের আসামী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা থেকে পুলিশের টীম এসে নলছিটির দপদপিয়া ইউনিয়ন থেকে গ্রেপ্তার করতে পারে কিন্তু দিনের পর দিন চলে যাচ্ছে শরীফ ওসমান বিন হাদির খুনিদের সরকার ধরতে পারছে না।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন,অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও বর্তমান শিক্ষক মাওলানা আব্দুর রহমান, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওলানা আবু সালেহ।



