হাতিয়ায় আরও ৫৯ গৃহহীন পাচ্ছেন মুজিববর্ষের ঘর

মোঃ হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও ৫৯ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ উপহার দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের তৃতীয় ধাপে ও চতুর্থ পর্যায়ের কিছু অংশে সরকারি খাস জমিতে এসব গৃহনির্মাণের কাজ শেষ হয়েছে।
সোমবার (২০ মার্চ) বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন জমি ক্রয় করে হলেও ভূমিহীন-গৃহহীনদের ঘর করে দিতে হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধু কন্যা যে স্বপ্ন আমাদেরকে দেখিয়ে যাচ্ছেন, আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সারথী হিসেবে কাজ করে যাচ্ছি।
প্রসঙ্গত, আগামী ২২ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির মালিকানাসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।




