হরিরামপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: বাঙালি জাতির গৌরবান্বিত বিজয়ের মহোৎসব ১৬ ডিসেম্বর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের জীবন বিসর্জন ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই মহান বিজয়। মানিকগঞ্জের হরিরামপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়। ১৬ ডিসেম্বর (শুক্রবার ) দিবসের প্রথম প্রহর ভোর ৬টা ৩৫ মিনিটে উপজেলা পরিষদ চত্ত্বরের হেলিপ্যাডে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়।
এরপর সকাল ৭টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, হরিরামপুর থানা পুলিশ, উপজেলা সাংবাদিক সমিতি, উপজেলা প্রেসক্লাব, হরিরামপুর বন্ধুমঞ্চ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী অঙ্গ সংগঠন, উপজেলার পরিবেশ বান্ধব সংগঠন শ্যামল নিসর্গ, উপজেলা পাবলিক লাইব্রেরি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পেশাজীবী, সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জাতীয় পতাকা এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সবেক কমান্ডার লিয়াকত আলী মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করেন।
সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবসে পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক জমকালো মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।
কুচকাওয়াজ অনুষ্ঠানে হরিরামপুর থানা পুলিশ, বিএসসি, রোভার স্কাউট, আনসার বিডিপি ও ফায়ার সার্ভিসের সদস্যসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্রছাত্রীদের শারীরিক কসরতসহ মুক্তিযুদ্ধ ভিত্তিক মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গফফার, প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম , মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
দুপুরে উপজেলা চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত পরিবারকে সংবর্ধনা অনুষ্ঠান ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




