slider

হরিরামপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ছাত্রলীগ নেতার সংবাদ সম্মেলন

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের হরিরামপুরে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম রাজার বিরুদ্ধে মিথ্যা মামলা ও ভিত্তিহীন বানোয়াট অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
১৩ আগষ্ট শনিবার দুপুর ১২টায় হরিরামপুর উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি, হরিরামপুর উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রবিউল ইসলাম রাজা বলেন, “গত ২৪ জুলাই ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের ২য় দিন আগে একটি কুচক্রী মহল ও রাজনৈতিক প্রতিপক্ষ ঘৃন্য ষড়যন্ত্র করে মিথ্যা মামলার আসামী করে আমাকে গ্রেফতার করানো হয়। গ্রেফতারের ৭ দিন পরে আমি জামিনে বের হয়ে আসি। শুধুমাত্র মামলা দিয়ে শান্ত না হয়েও কিছুদিন পরই উপজেলার বিজয়নগর গ্রামের অজ্ঞাত ও ছদ্মনামে মো. কামাল হোসেনের পুত্র আনোয়ার হোসেনের নাম দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে।”
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আমার অপরাধ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমানের সাথে আমার সুসম্পর্ক। যার ফলে একটি রাজনৈতিক প্রতিপক্ষ ও কুচক্রী মহল আমাকে নিয়ে বিভিন্নভাবে চক্রান্ত করছে। মিথ্যা ও ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক মামলা ও বানোয়াট অভিযোগের কারনে আমি ও আমার পরিবার বর্তমান নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ ষড়যন্ত্রকারীরা এখনও তৎপর।তাই ভবিষ্যতে যেন আর এধরনের ঘৃন্য চক্রান্ত ও ষড়যন্ত্রের শিকার না হই, সেজন্য আমি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।”
সংবাদ সম্মেলনে হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কামাল হোসেন বলেন, ছাত্রলীগ নেতা রাজার বিরুদ্ধে যে হয়রানিমূলক মিথ্যা মামলা ও ভিত্তিহীন বেনামী অভিযোগ দিয়ে রাজনৈতিকভাবে হেয় করা হচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
এ সময়ে আরও উপস্থিত ছিলেন বয়ড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি টিপু দেওয়ান, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মামুন পোদ্দার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button