হরিরামপুরে নজরুল জন্মজয়ন্তী ও ঘুড্ডি মেলা অনুষ্ঠিত
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরের বাল্লা ইউনিয়নের ঐতিহাসিক ঝিটকা পোদ্দার বাড়ি আঙ্গিনায় তিন দিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী ও ২০তম ঘুড্ডি মেলা শুরু হয়েছে।
২৫ মে হতে স্থানীয় সংগঠন জাতীয় লোক সাহিত্য সংগ্রহ ও গবেষণা কেন্দ্রের আয়োজনে তিন দিন ব্যাপী ঘুড্ডি মেলা ও নজরুল জন্ম জয়ন্তীর প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহীউদ্দীন অনুষ্ঠান উদ্ভোধন করেন।

নজরুল বিষয়ক আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন পদ্মাপাড়ের সক্রেটিসখ্যাত পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু হরিপদ সূত্রধর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পর্যদের অন্যতম সদস্য সাংবাদিক জ. ই. আকাশ।
উদযাপন পর্যদের সদস্য সচিব মামুন চৌধুরী ও সদস্য আরিফুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, নাট্যাভিনেতা আবুল কালাম আজাদ ও নাট্যকার আসাদুল ইসলাম আসাদ সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য নেতৃবৃম্দ।

উদযাপন পর্যদের আহ্বায়ক সৈয়দ রইস উদ্দিন বলেন, এই মেলার জনক এই অঞ্চলের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যকার ও জাতীয় লোক সাহিত্য সংগ্রহ ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা বাবু রঞ্জন সাহা। তিনি আজ আমাদের মাঝে নেই। তাঁর এই প্রতিষ্ঠান ও মেলাটির ধারাবাহিকতা বজায় রাখতে সকল শ্রেণি পেশার মানুষদের সহযোগিতায় এই আয়োজন।”
উল্লেখ্য, নজরুল জন্মজয়ন্তী ও ঘুড্ডি মেলার অনুষ্ঠানমালায় প্রথম দিনে সকাল আটটায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন ও বিকেল পাঁচটা থেকে আকাশে উড়ানো হয় নানা রঙবেরঙের ঘুড়ি। জেলা ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে পতেঙ্গা, চিলা, কইড়া, ঢোল, মানুষ, বাজ পাখিসহ নানা ধরণের ঘুড্ডি নিয়ে আসেন প্রতিযোগীরা।
নজরুল আলোচনা সভা শেষে রাত ৮ টায় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতামূলক কবিতা আবৃত্তি, নজরুল সংগীত ও নৃত্যানুষ্ঠান।




