
নাজমুল চৌধুরী, হরিরামপুর প্রতিনিধি: “সাম্য ও সততার দেশ গড়ব সমবায়ে” এই প্রতিপাদ্য নিয়ে মানিকগঞ্জের হরিরামপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫। শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলা চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা নিলুফার ইয়াসমীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, হরিরামপুর থানার এএসআই ফারুক হোসেনসহ স্থানীয় বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সমবায়ের মূল উদ্দেশ্য হলো সমাজে ঐক্য, সহযোগিতা ও অর্থনৈতিক স্বনির্ভরতা প্রতিষ্ঠা করা। সবার অংশগ্রহণে সমবায় আন্দোলনকে শক্তিশালী করে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব।




