slider

হরিরামপুরে ঐতিহ্যের নৌকা বাইচ

মাহিদুল ইসলাম মাহি,মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। সোমবার বিকেলে উপজেলার বাহাদুরপুর পদ্মানদী সংলগ্ন ইছামতী নদীতে বাহাদুরপুর ও ডেগিরচর গ্রামবাসীর আয়োজনে এ বাইচ অনুষ্ঠিত হয়েছে । বাইচে প্রত্যন্ত গ্রামের ৮টি সরেঙ্গা, ছিপ নৌকা অংশ নেয়।

গোপীনাথপুর ইউনিয়নের বাহাদুরপুর ও রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকার মাঝ দিয়ে বয়ে চলা ইছামতী নদীর মোল্লাবাড়ি পয়েন্ট থেকে শুরু হয়ে ১ কিলোমিটার দূরত্বের বাহাদুরপুর পয়েন্টে বাইচ শেষ হয়।
বিভিন্ন বয়সের মানুষ নদীর দুই পাড়ে দাঁড়িয়ে বাইচ প্রত্যক্ষ করেন। বিকাল থেকে নানা বর্ণে ও বিচিত্র সাজে সজ্জিত নৌকা ও মাল্লার বাইচ শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষের করতালি ও হর্ষধ্বনিতে এলাকা মুখরিত হয়ে ওঠে।

নৌকা বাইচ প্রতিযোগিতায় দিয়াইল গ্রামের বিল্লালের নৌকা চ্যাম্পিয়ন হয়। এছাড়া তেরোদোনা এলাকার আনোয়ার হোসেনের “সোনার চান”, কাঞ্চনপুর কুশিয়ারচর এলাকার বারেক গায়েনের “গায়েনতরী”, ঝিটকার ছোরহাব গাছীর “হাজারী তরী,”সোনার তরী”, সুবোধ সন্নাসীর তরী ছাড়া ছোট ছোট কয়েকটি বাইচের নৌকাও প্রতিযোগিতায় অংশ নেয়।

সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গণমান্য ব্যক্তিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সব নৌকাকেও পুরস্কার দেওয়া হয়।

গোপীনাথপুর ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, “এক যুগেরও আগে এখানে গ্রামবাসীর উদ্যোগে নৌকা বাইচের প্রচলন হয়। দীর্ঘদিন ধরে আমরা উৎসবের আমেজে প্রতিবছর এ আয়োজন করি।” তবে করোনার সময় বন্ধ ছিলো। প্রাচীন বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এ প্রয়াস অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

“সেনার চান” নৌকার মালিক তেরোদোনা এলাকার আনোয়ার হোসেন বলেন, “বাইচের নৌকার মাল্লা হয়ে তালে তালে বৈঠা মেরে নিজে আনন্দ পাই; নদীর দুই কূলে দাঁড়িয়ে থাকা মানুষদেরও আনন্দ দিই। এটিই আমাদের পরম পাওয়া।”

NITOR এর সিনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক ও ট্রমা) ডা.সাহিদুর রহমান খান বলেন, “প্রায় ২০ বছর পর এ নৌকা বাইচ দেখলাম। এ বাইচ আমাদের আনন্দ দিয়েছে। এমন বিনোদন সর্বত্র ছড়িয়ে দিতে পারলে যুবসমাজ ক্রীড়া ও সাংস্কৃতির প্রতি আকৃষ্ট হবে। মাদক থেকে মুক্তি পাবে।”

পুরস্কার বিতরণে মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, বর্তমান চেয়ারম্যান মতিন মোল্লা লাভলু, সাংগঠনিক সম্পাদক ভিপি দেলোয়ার, নিটোর এর সিনি: কনসালটেন্ট ডা. সাহিদুর রহমান খান, গোপীনাথপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button