হবিগঞ্জে চিকিৎসকসহ আরও ৫ জনের করোনা শনাক্ত

সংবাদদাতা, হবিগঞ্জ : হবিগঞ্জে একজন চিকিৎসক ও শিশুসহ আরও ৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২৬ জন।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এস তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের মাঝে চুনারুঘাটে একজন চিকিৎসকসহ ৪ জন এবং লাখাইয়ে ১ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ১ জন মহিলা এবং অপর ৪ জন পুরুষ। চুনারুঘাটে ৪ জনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ১ জন চিকিৎসক, ১ জন স্বাস্থ্য সহকারী, চা শ্রমিক ও তার শিশু পুত্র।
জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে শনিবার আইসোলেশনে আনা হয়েছে। তাদের মধ্যে একজন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রয়েছেন।
এর আগে জেলায় আরও ২১ জন করোনা আক্রান্ত ছিলেন। এ নিয়ে মোট ২৬ জন আক্রান্ত হয়েছেন। যা সিলেট বিভাগের মাঝে সবচেয়ে বেশি। এ অবস্থায় সবাইকে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার আহ্বান জানান তিনি।
এদিকে হঠাৎই জেলায় করোনা আক্রান্তের হার বাড়তে শুরু করেছে। কিন্তু এরপরও অনেকেই অবাধে ঘোরাফেরা করছেন। বিশেষ করে শহরের চৌধুরী বাজারসহ কয়েকটি বাজার এবং প্রধান সড়কে মানুষের চলাচল অনিয়ন্ত্রিত। পুলিশ বার বার ধাওয়া দিয়েও মানুষকে ঠেকাতে পারছে না। পুলিশ চলে গেলেই মানুষ আবারও বেড়িয়ে পড়ছে রাস্তায়।




