আন্তর্জাতিক সংবাদ

হন্ডুরাসের সাবেক ফাস্ট লেডি গ্রেফতার

হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট প্রফিরিও লোবার স্ত্রী রোজা এলেনা বোনিলা ডে লোবোকে বুধবার গ্রেফতার করা হয়েছে। সরকারি তহবিলের কয়েক লাখ ডলার তছরুপের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
প্রফিরিও ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। খবর এএফপি’র।
সুপ্রিম কোর্টের মুখপাত্র মেলভিন দুয়ার্তে বলেন, ৫১ বছর বয়সী সাবেক ফার্স্ট লেডিকে রাজধানীর তেগুসিগাল্পার পূর্বে তাদের বাসভবনে গৃহবন্দী করে রাখা হয়েছে।
দুয়ার্তে বলেন, তিনি পাঁচ লাখ মার্কিন ডলার সমমূল্যের রাষ্ট্রীয় অর্থ তার নিজের অ্যাকাউন্টে জমা করেছেন বলে তদন্তে বেরিয়ে এসেছে। তার স্বামীর পদত্যাগের মাত্র ছয় দিন আগে ২০১৪ সালের ২৭ জানুয়রি তিনি এ তছরুপ করেন।
দুর্নীতি বিরোধী সংস্থা এমএসিসিআইএইচ এর প্রধান অ্যানা মারিয়া কালদেরন এক সংবাদ সম্মেলনে বলেন, ২০১১ সাল থেকে ২০১৪ সালের মধ্যে সাবেক ফার্স্ট লেডির অফিস থেকেই মোট চার মিলিয়ন মার্কিন ডলার তছরুপ করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
সংস্থাটি অর্গেনাইজেশন অব আমেরিকান স্টেটস এর আওতায় গড়ে উঠেছে।
কালদেরন আরো বলেন, তাইওয়ান থেকে প্রায় এক লাখ ৭০ হাজার ঘুষ গ্রহণ করা হয়। বোলিনার অন্তত নয় অধীনস্ত এই দুর্নীতির সাথে জড়িত।
তার বিরুদ্ধে জনগণের অর্থ তছরুপ, অর্থ পাচার ও অপরাধে সহায়তার প্রদানের অভিযোগ রয়েছে।
জাতীয় দুর্নীতি দমন কাউন্সিল জানিয়েছে, রাষ্ট্রীয় একটি শিশু সংস্থা থেকে ছয় লাখ ৩৮ হাজার মার্কিন ডলার বলিনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়।
দুয়ার্তে বলেন, বলিনাকে ফৌজদারী আদালতের সামনে হাজির করা হবে। বিচারকই তার ভাগ্য নির্ধারণ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button