হঠাৎ সমঝোতা : ডোকা লা থেকে সেনা সরাতে রাজি ভারত–চীন

হঠাৎ করেই ডোকা লা নিয়ে টানাপোড়েন শেষ হল। প্রায় তিন মাস পর সিকিম সীমান্তবর্তী ওই মালভূমি অঞ্চল থেকে সেনা সরাতে রাজি হয়েছে ভারত ও চীন। খুব শিগগির গোটা প্রক্রিয়া মিটবে। কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে একমত হয়েছে দুই দেশ।
সোমবার একটি বিবৃতি জারি করে এখবর জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিজের টুইটার অ্যাকাউন্টে বিবৃতিটি পোস্ট করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার। তাতে বলা হয়েছে, ‘সীমান্ত থেকে সেনা সরাতে রাজি হয়েছে দুই দেশ। গত কয়েক সপ্তাহ ধরে কূটনৈতিক স্তরে আলাপ আলোচনা চলছিল। সেখানে দুই দেশই নিজেদের মতামত জানিয়েছে। সেখানেই ডোকা লা বিরোধের অবসান করতে সম্মত হয় দুই দেশ। গোটা প্রক্রিয়া দ্রুত শেষ করতে এখনো আলোচনা চলছে।’
আগামী ৩–৫ সেপ্টেম্বর চীনের জিয়ামেনে আয়োজিত ব্রিকস সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই সীমান্ত সমস্যার নিষ্পত্তি করা গেল। সেনা সরানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে সেনাসূত্রে খবর মিলেছে। তবে আজকের মধ্যে কার্য পুরোপুরি সম্পন্ন করা সম্ভব নয়। ভীরত–চীন–ভূটান সীমান্তে পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত ডোকা লা মালভূমি অঞ্চল নিয়ে গত ১৬ জুন বিরোধের সূচনা। ভূটান এবং চীন, দুই দেশই ওই অঞ্চলে নিজেদের মালিকানা দাবি করে। কিন্তু থিম্পুর আপত্তি এড়িয়ে মোটর চলাচলের উপযোগী রাস্তা নির্মাণে উদ্যোগী হয় চীনা বাহিনী। ভারতীয় সেনা তাদের বাধা দেয়। সেই থেকে দু’পক্ষের প্রায় ৬০০ সেনা সেখানে মোতায়েন ছিল।
সেনা সরিয়ে নেয়ার জন্য শুরু থেকেই ভারতকে হুমকি দিয়ে আসছিল বেইজিং। ১৯৬২ সালের যুদ্ধের কথাও স্মরণ করিয়ে দেয় তারা।




