হংকংয়ে চীন ও গণতন্ত্রপন্থিরা মুখোমুখি, পুলিশের গুলি
গণতন্ত্রের দাবিতে উত্তাল হয়ে উঠেছে হংকং। চীনের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পুলিশের পাশাপাশি গণতন্ত্রপন্থিদের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে দেশটির চীনপন্থি সমর্থকরাও। মঙ্গলবার বিক্ষোভকারীদের ওপর ব্যাপক হারে গুলিবর্ষণে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পাশাপাশি চীনপন্থিরা হাতাহাতিতে নেমে এসেছেন গণতন্ত্রের আন্দোলন ঠেকাতে।
মঙ্গলবার চীনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে পুলিশের প্যারেডের পরপরই গণতন্ত্রের দাবিতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন বিক্ষোভকারীরা। এ সময় তারা ‘ওয়ান চাই’ শহরে বেশ কিছু পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটায়। শহরের মেট্রো রেল বন্ধ করে দেওয়ার পাশাপাশি যানবাহন, শপিং মল ও দোকানপাটে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। পুলিশও লাঠিচার্জ, জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এরপর পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এতে ১৫ জন বিক্ষোভকারী গুলিবিদ্ধ হন। তিনমাস ধরে চলা এই গণতান্ত্রিক বিক্ষোভে পুলিশের গুলিতে আহত হবার এটাই প্রথম ঘটনা।
এর আগে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে রাস্তায় নেমে আসতে দেখা গেছে সরকারপন্থি সমর্থকদেরও। লাল-টি শার্ট পরে চীনের পক্ষে অবস্থান নেন বেশ কয়েকজন নাগরিক। তাদের বেশির ভাগের হাতেই ছিলো ‘আই লাভ চায়না’ লেখা প্ল্যাকার্ড। এক পর্যায়ে কিছু গণতন্ত্রপন্থির দিকে তেড়ে আসেন তারা।
বিবিসি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, একটি শপিং মলের পাশে কয়েকজন চীনপন্থি সমর্থক মিলে একজন গণতন্ত্রপন্থিকে মারধর করছেন। এ সময় তাদের হাতে ছিলো লাঠি, রড ও চেয়ার। মারধরের শিকার ওই ব্যক্তি নাম প্রকাশ না করে বলেন, ‘আমি আর কোনদিন বলতে পারব না, আমি চীনকে ভালোবাসি।’ সিএনএন, বিবিসি




