অপরাধশিরোনাম

স্বাস্থ্য অধিদপ্তরের চালক শত কোটি টাকার মালিক!

স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার আব্দুল মালেক ওরফে ড্রাইভার মালেক (৬৩) শত কোটিরও বেশি টাকার মালিক। তার স্ত্রীর নামে রাজধানীতে রয়েছে দুটি ৭তলা বিলাসবহুল ভবন, ধানমন্ডির হাতিরপুল এলাকায় সাড়ে চার কাঠা জমিতে একটি নির্মাণাধীন ১০তলা ভবন এবং দক্ষিণ কামাড় পাড়ায় ১৫ কাঠা জমিতে একটি ডেইরি ফার্ম। এ ছাড়া বিভিন্ন ব্যাংকে নামে-বেনামে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত আছে বলেও জানা গেছে।
তাকে রবিবার ভোরে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়াস্থ বামনের টেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ১ লাখ ৫০ হাজার জাল টাকার নোট, ১টি ল্যাপটপ ও ১টি মোবাইল উদ্ধার করা হয়।
র‌্যাবের দাবি, অবৈধ অস্ত্র, জাল নোট ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আব্দুল মালেক। একজন তৃতীয় শ্রেণির সাধারণ কর্মচারী হয়েও রয়েছে অঢেল সম্পদ। ঢাকার বিভিন্ন স্থানে একাধিক বিলাসবহুল বাড়ি, গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যাংকে নামে বেনামে বিপুল পরিমাণে অর্থ গচ্ছিত আছে।
র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল শাফী উল্লাহ বুলবুল জানান, সাম্প্রতিক সময়ে র‌্যাবের প্রাথমিক গোয়েন্দা অনুসন্ধানে জানা যায়, আব্দুল মালেক সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে শক্তির মহড়া ও দাপট দেখিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। এলাকার সাধারণ মানুষের মনে সব সময় আতঙ্ক বিরাজ করে।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে জানা গেছে মালেক পেশায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিবহন পুলের একজন ড্রাইভার। তার শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণি। ১৯৮২ সালে সর্বপ্রথম সাভার স্বাস্থ্য প্রকল্পে ড্রাইভার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৮৬ সালে স্বাস্থ্য অধিদপ্তরের পরিবহন পুলে ড্রাইভার হিসেবে চাকরি শুরু করে। বর্তমানে তিনি প্রেষণে স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরে কর্মরত আছেন। তিনি দীর্ঘ দিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসা, জাল নোট ব্যবসাসহ অস্ত্রের মাধ্যমে ভীতি প্রদর্শন করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে। তার স্থাবর-অস্থাবর সম্পত্তির একটি আনুমানিক হিসাব র‌্যাবের কাছে রয়েছে যার পরিমাণ শত কোটি টাকার বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button