স্বামী ও ননদের অত্যাচারের অভিযোগ- সিংগাইরে নারী পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

সিরাজুল ইসলাম, সিংগাইর প্রতিনিধি : স্বামী ও ননদের অত্যাচার সহ্য করতে না পেরে মাহমুদা আক্তার মিতু (২৪) নামের এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। রবিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদের বড় ভাই গাজিন্দা গ্রামের আবু হানিফের বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করেন থানা পুলিশ।
নিহত মাহমুদা আক্তার মিতু ঢাকা এটিইউতে নারী পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। সে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বালিয়াচর পূর্বপাড়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে।
নিহতের পরিবারের দাবি, মিতু প্রেমের সম্পর্কের মাধ্যমে ৪ বছর আগে তার মামাতো ভাই আশুলিয়া থানার বেপারী পাড়া গ্রামের আতাউর রহমানের পুত্র অপুকে (৩০) বিয়ে করেন। বিয়ের পর মিতু স্বামীর সাথেই থাকতেন। সেখানে স্বামীর পরিবারের সাথে তার অশান্তি হয়। গত ৩ মাস আগে সিংগাইর উপজেলার গাজিন্দা গ্রামে বাসা নিয়ে সেখান থেকে অফিস করতেন তিনি। গত শুক্রবার দুপুরে স্বামী অপুর সাথে তার ঝগড়া হয়। এতে অপু তাকে মারধর করে। এ ঘটনার জের ধরে মিতু কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন।
বাড়ির মালিক আবু হানিফ বলেন, গত শনিবার রাতের খাবার খেয়ে মিতু ঘুমিয়ে পড়েন। পরের দিন সারা শব্দ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন।
নিহত পুলিশ কনস্টেবল মিতুর পিতা আব্দুল মালেক জানান, স্বামী অপু ও তার ছোট বোন সেলিনার অত্যাচারে অতিষ্ট হয়ে তার মেয়ে আত্মহত্যা করেছে।
লাশের সুরতহালকারী কর্মকর্তা ধল্লা পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মো. রফিকুল ইসলাম বলেন, লাশের পাশ থেকে ফুরাডান উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) আব্দুল্লাহ আল-ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


