স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে কোথায় শ্রাবন্তী?
অভিনয় দিয়ে যতটা আলোচনায় এসেছেন, সম্পর্ক নিয়েও তার চেয়ে বেশি আলোচনায় আসেন কলকাতার বাংলা ছবির অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এরই মধ্যে তৃতীয়বারের মতো সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। ১৯ এপ্রিল পাঞ্জাবি রীতিতে রোশন সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রাবন্তী। এবারের বিয়ের পরে শ্রাবন্তীর মধুচন্দ্রিমা নিয়ে আলোচনাকে থোড়াই কেয়ার করেছেন তিনি। এখন সংসার ও কাজ সমানতালে সামলাতে হচ্ছে। আবার স্বামীর সঙ্গে বিভিন্ন স্থানে ভ্রমণ উপভোগ করতে দেখা যাচ্ছে এ অভিনেত্রীকে।
জি নিউজের এক প্রতিবেদনে জানা যায়, বর্তমান স্বামী রোশন সিং ও ছেলে ঝিনুককে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শ্রাবন্তী। ঘুরে বেড়ানোর দারুন একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। ছবিতে শ্রাবন্তী, রোশন ও ঝিনুক তিনজনকেই বেশ হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে স্বামী ও সন্তানকে নিজের লাইফলাইন হিসেবে উল্লেখ করেছেন। তবে ছবির স্থান সম্পর্কে কিছুই জানাননি।
রোশন সিং একটি বিমান সংস্থার কেবিন ক্রু। এর আগে শ্রাবন্তীর দুবার বিবাহবিচ্ছেদ হয়েছে। ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর প্রথম বিয়ে হয়। তাঁদের ঘরের সন্তান ঝিনুক।
রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে মডেল কৃষ্ণ ব্রজের সঙ্গে শ্রাবন্তীর প্রেম হয়। বিয়েও করেন তাঁরা। গত জানুয়ারিতে কৃষ্ণের সঙ্গে বিচ্ছেদ হয় শ্রাবন্তীর।




