স্বতন্ত্রপ্রার্থী হোমনা আলীগের সভাপতির বাড়ির জায়গা ও অফিস দখলের অভিযোগ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসনে (হোমনা- মেঘনা)’য় স্বতন্ত্র প্রার্থী হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রীতিকের প্রার্থী সেলিমা আহমাদের নির্দেশে তাঁর লোকজন গতকাল রাত থেকে আজ বুধবার পর্যন্ত তাঁর ব্যক্তিগত বাড়ির জায়গা ও দলীয় কার্যালয়ে অবস্থান করছে। নৌকার কর্মী সমর্থক নামে কথিত লোকজন অবস্থানের কারণে তাঁর (অধ্যক্ষ আব্দুল মজিদ) নির্বাচনী কার্যক্রমে ব্যঘাত সৃষ্টি করেছে বলে তিনি দাবি করেন। এসব লোকজন দ্রুত সরানোর জন্য তিনি সহকারী রিটার্নিং অফিসার, রিটার্নিং অফিসার সহ থানা পুলিশকে লিখিত এবং উর্ধতন কর্তৃপক্ষকে ফোনে অবহিত করেছেন। বুধবার অধ্যক্ষ আব্দুল মজিদ জয়নগর তাঁর বাগান বাড়ীতে গণমাধ্যম প্রতিনিধিদের উদ্দেশ্যে ক্ষোভের কথা ব্যক্ত করেন। উপজেলা নির্বাহী অফিসারের অফিসের বিপরীতে এমন অবৈধ কার্যকলাপ বন্ধ ও নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থ হলে জনরোষের বিস্ফোরণ ঘটলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী হবেন বলে তিনি মন্তব্য করেন। আজ বৃহস্পতিবার অধ্যক্ষ আব্দুল মজিদ মনোনয়ন পত্র সহকারী রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়ার কথা। অধ্যক্ষ আব্দুল মজিদের সহধর্মিণী হোমনা উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম তাঁর অফিসে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিস্কার বলেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেনো নির্বাচিত হতে না পারে, সেজন্য যারা নৌকা প্রীতিকে মনোনয়ন চেয়েছে তাঁরাও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদকে বাঁধা দেওয়া প্রধানমন্ত্রীকে অবজ্ঞা করার শামিল। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল বলেছেন, আওয়ামী লীগের সৈনিকরা কারোর রক্তচক্ষুকে ভয় পায় না। অধ্যক্ষ আব্দুল মজিদের প্রতি গনজোয়ার ঠেকানোর সাধ্য কারো নেই।




