স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে চৌহালির যমুনা পাড়ে ৩ কিমি মানববন্ধন

সংবাদদাতা, সিরাজগঞ্জ : যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের মেটুয়ানি থেকে ভুতের মোড় পর্যন্ত ৩ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করা হয়েছে।
সোমবার সকালে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন এলাকাবাসী। বাঘুটিয়া ইউনিয়নের চর বিনানুই, বিনানুই, চর সলিমাবাদ, চর নাকালিয়া, মেটুয়ানি ও ভুতের মোড় এলাকার প্রায় ২ হাজার নারী-পুরুষ ও শিশু এতে অংশগ্রহণ করেন।
বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাহ্হার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন চৌহালি উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোল্লা মুকুট, বিশিষ্ট শিল্পপতি মজিবর রহমান, আব্দুল ওয়াহাব মুন্সি, বাকি বিল্লাহ, কালাম মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে যমুনার করালগ্রাসে একের পর এক গ্রাম ফসলি জমি ও শত শত বাড়িঘর চোখের সামনে বিলীন হয়ে যাচ্ছে। অথচ টাঙ্গাইল পানি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন এ এলাকার ভাঙন রোধে তারা স্থায়ীভাবে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই বাধ্য হয়ে এলাকাবাসী যমুনা নদীর ভাঙন রোধে এ এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে তারা এ মানববন্ধনের আয়োজন করতে বাধ্য হয়েছেন।
বক্তারা অবিলম্বে এ এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন।
এ বিষয়ে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, এ ভাঙন রোধে এখন ওই এলাকায় জিওটেক্স বালুর বস্তা ফেলার কাজ চলছে। এছাড়া ওই এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য একটি প্রজেক্ট জমা দেওয়া আছে। এটি পাশ হলেই কাজ শুরু করা হবে।




