slider

স্ত্রীর রক্তদাতাকে বাড়ি পৌঁছে দিতে গিয়ে ট্রাকচাপায় সাংবাদিক নিহত

ভোলা প্রতিনিধি : ভোলায় হাসপাতালে সন্তান জন্ম দেয়া স্ত্রীকে রক্ত দেয়া ব্যক্তিকে বাড়িতে পৌঁছে দিয়ে পুনরায় হাসপাতালে যাওয়ার সময় ট্রাকচাপায় শামসুর রহমান শুভ নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

বুধবার (১৫ মার্চ) ভোরে ভোলা চরফ্যাশন সড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভোলা সদর হাসপাতাল দায়িত্বের থাকা পুলিশ কর্মকর্তা (নায়েক) মো: মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাংবাদিক শুভ দৈনিক মাতৃজগত পত্রিকার তজুমদ্দিন প্রতিনিধি ও তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন।

তার বাড়ি তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাপড়ী গ্রামে।

নিহতের বাবা মোসলেউদ্দিন জানান, মঙ্গলবার রাতে ভোলা মেঘনা ডায়াগনস্টিক সেন্টারে শুভর কন্যাসন্তানের জন্ম হয়। তখন তার স্ত্রীর জন্য রক্ত প্রয়োজন হওয়ায় একজন রক্তদাতাকে হাসপাতালে নিয়ে আসে। রক্ত দেয়া শেষে রক্তদাতাকে বাড়িতে পৌঁছে দিতে যায় শুভ। ওই ব্যক্তিকে বাড়িতে দিয়ে হাসপাতালে উদ্দেশ্যে বাসস্ট্যান্ড পর্যন্ত এলে ভোলা থেকে চরফ্যাশনের দিকে ছেড়ে যাওয়া দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল নিয়ে এলে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহিন ফকির জানান, বাসস্ট্যান্ড এলাকায় একটি সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

এদিকে, সাংবাদিক শামসুর রহমান শুভর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার, তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন সুমন, সম্পাদক এম. নুরুন্নবী, বাংলাদেশ প্রেসক্লাব তজুমদ্দিনের সভাপতি মো: রফিক সাদী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button