
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মোহাম্মদ আলী সুজন (৪০) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আচমিতা ইউনিয়নের অষ্টঘড়িয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
নিহত পরিবার সূত্রে জানা গেছে আট বছর পূর্বে সংসারের সচ্ছলতা ফেরাতে সুজন সৌদি আরবে পাড়ি জামান। সেখানে তিনি শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গতকাল সন্ধ্যায় নাইট ডিউটিতে যাওয়ার সময় পাঁচজন শ্রমিককে বহনকারী একটি মাইক্রোবাস চলন্ত অবস্থায় হঠাৎ করা ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা অপর চারজন গুরুতর আহত হয়।
নিহত মোহাম্মদ আলী সুজনের মামাতো ভাই সৌদি আরবের কর্মরত মোঃ সাজন মিয়া মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।
সৌদি আরবে নিহত মোহাম্মদ আলী সুজনের প্রতিবেশি সমাজসেবক মাহতাব উদ্দিন গরম জানান গতকাল সন্ধ্যায় নাইট ডিউটিতে যাওয়ার সময় তাদের বহনকারী মাইক্রোবাসটি উল্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুজনের মা-বাবা জীবিত নেই। মৃত্যুকালে সুজন অন্তঃসত্ত্বা স্ত্রী ও ৩ মেয়ে রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জন কারি ব্যক্তির এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবারের লোকজনের আহাজারিতে পুরো গ্রামের পরিবেশ ভারি হয়ে উঠেছে।
নিহত সুজনের স্ত্রী শাকিলা আক্তার ও এলাকাবাসী দ্রুত সুজনের মরদেহ দেশে ফিরিয়ে আনা ও তার অনাগত সন্তান, তিন মেয়ে ও স্ত্রীর ভরণপোষণে সহযোগিতার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।


