আন্তর্জাতিক সংবাদ

সৌদি আরবে দুই ধর্মীয় নেতা গ্রেফতার

সৌদি আরবের এক প্রখ্যাত ধর্মীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর হয়েছে। গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের সূত্রে খবরটি পাওয়ার কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই পোস্টের বরাত দিয়ে খবরে বলা হয়, শনিবার অথবা রোববার প্রভাবশালী ধর্মীয় নেতা শেখ সালমান আল-আবদাহকে আটক করা হয়েছে। তার মতো আরেকজন ধর্মীয় নেতাকেও আটক করা হয়েছে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আল-আবদাহর এক কোটি ৪০ লাখ অনুসারী আছে। সৌদি আরবে রাজনৈতিক পরিবর্তনের প্রচারণা চালানোর জন্য ১৯৯৪-৯৯ পর্যন্ত কারাবন্দী ছিলেন তিনি। দেশটির চূড়ান্ত ক্ষমতাসম্পন্ন শাসকদের সমালোচনাকারী হিসেবে বিবেচিত ইসলামপন্থীদের দমনের উদ্দেশ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
কাতারের সঙ্গে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব দেশগুলোর বিরোধ মিটে যেতে পারে, শুক্রবার প্রকাশিত এমন একটি খবরকে টুইটারে নিজের শেষ পোস্টে স্বাগত জানিয়েছিলেন তিনি। ওই খবরে বলা হয়েছিল, জুনে শুরু হওয়া বিরোধ মেটানোর পথ নিয়ে টেলিফোনে কথা বলেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
এর প্রতিক্রিয়ায় টুইটার পোস্টে আবদাহ বলেন, ‘তাদের জনগণের মঙ্গলের জন্য আল্লাহ তাদের পরস্পরের হৃদয়কে মিলিয়ে দিন।’ কিন্তু ‘সত্য ঘটনা বিকৃতির’ অভিযোগ তুলে সৌদি আরব কাতারের সঙ্গে সংলাপ স্থগিত করলে দুই পক্ষের বিরোধ মেটানোর আশা নিভে যায়। কাতার ইসলামপন্থী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে এমন অভিযোগ এনে দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। অবশ্য কাতার এ অভিযোগ অস্বীকার করেছে।
আবদাহকে নিয়ে গত সপ্তাহে সৌদি কর্তৃপক্ষ দুইজন ধর্মীয় নেতা ও অপর ১৮ জনকে আটক করেছে বলে খবর প্রকাশ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরগুলোতে বলা হয়েছে, টুইটারে ২২ লাখ অনুসারী থাকা আরেকজন প্রখ্যাত ধর্মীয় নেতা আওয়াদ আল কারনিকে আটক করা হয়েছে। আবদাহের মতো কারনিও কাতারের সঙ্গে আরব দেশগুলোর বিরোধ মিটিয়ে ফেলার পক্ষে কথা বলেছিলেন। এই দুই ধর্মীয় নেতাকে গ্রেফতারের বিষয়ে মন্তব্যের যোগাযোগ করার চেষ্টা করা হলেও সৌদি আরবের কোনো কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button