সৌদি আরবে করোনায় মৃত্যু হাজার পেরোলো

সৌদি আরবে করোনাভাইরাস সংক্রমণে মৃত্যু হাজার পেরিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজ জানায়, সোমবার দেশটিতে নতুন করে ৩৯ জন মারা গেছে। আরও ৪ হাজার ৫০৭ জন আক্রান্তের খবরও পাওয়া যায়।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সবশেষ হিসাব (রিয়েল টাইম) অনুযায়ী, সৌদি আরবে করোনায় এ পর্যন্ত ১ হাজার ১১ জন মারা গেছে।
মন্ত্রণালয় জানান, এ পর্যন্ত ৮৭ হাজার ৮৯০ জন সুস্থ হয়েছেন। আর মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩২ হাজারের বেশি।
সোমবার সবচেয়ে বেশ রোগী পাওয়া যায় রাজধানী রিয়াদে, ১ হাজার ৬৫৮ জন। জেদ্দা ও মক্কায় যথাক্রমে ৪১৩ ও ৩৮৯ জন।
দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তদের বড় অংশ বিদেশি শ্রমিক। এ পর্যন্ত সাড়ে তিনশ’ বাংলাদেশির মৃত্যু হয়েছে এমন তথ্য পাওয়া গেছে।
করোনা ঠেকাতে দেশটি বেশ কড়াকাড়ি ব্যবস্থা নিয়েছে শুরু থেকে। দেশজুড়ে কারফিউয়ের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় মসজিদ। রমজান মাসের শেষের দিকে সংক্রমণ কমতে থাকায় পবিত্র কাবাসহ মসজিদগুলো নামাজের জন্য খুলে দেয় সরকার। কিন্তু সম্প্রতি সংক্রমণ বাড়তে শুরু করেছে। এ পরিস্থিতিতে হজ নিয়ে দোটানায় রয়েছে সৌদি আরব।
এ দিকে সারা পৃথিবীতে করোনায় ৪ লাখ ৩৯ হাজার ৫১ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৮১ লাখ ১২ হাজার ৬১৩ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৪২ লাখ ১৩ হাজার ২২৬ জন।



