
সোশ্যাল মিডিয়ার কোনো পোস্টকে সংবাদ হিসেবে পরিবেশন করা উচিত নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘গণমাধ্যম এখন কেবলমাত্র সংবাদপত্রে সীমাবদ্ধ নেই। ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়া এসব নিয়েই এখন গণমাধ্যম। ইদানীং আমাদের দেশে অনেকেই সোশ্যাল মিডিয়াকে গণমাধ্যম বলে মনে করে। প্রকৃতপক্ষে সোশ্যাল মিডিয়া কোনো গণমাধ্যম নয়। প্রায়ই দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার কোনো পোস্টকে অনলাইন মাধ্যমগুলো সংবাদ হিসেবে পরিবেশন
করছে; যা কোনোভাবেই সমীচীন নয়।’ গতকাল শুক্রবার জাতীয় প্রেস কাউন্সিলের মিলনায়তনে প্রেস কাউন্সিল দিবস-২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘ন্যায় ও বিতর্কভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকতে হবে, তেমনি সেই স্বাধীনতা যেন অন্যের স্বাধীনতা কিংবা অধিকারে অযাচিত হস্তক্ষেপ না করে সেদিকেও গণমাধ্যমকর্মীদের লক্ষ রাখতে হবে। কারণ সমাজে গণমাধ্যমের স্বাধীনতা যেমন আবশ্যকীয়, তেমনি অন্যের মৌলিক স্বাধীনতা সুরক্ষার নিশ্চয়তার বিধানও সমাজে থাকা প্রয়োজন।’
তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া দেশের বিকাশ সম্ভব নয় জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘আমাদের লক্ষ্য বহুমাত্রিক সমাজব্যবস্থার মধ্য দিয়ে দেশের বিকাশ করা। তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া যা সম্ভব নয়। বস্তুগত উন্নয়ন ও ভৌত উন্নয়নের পাশাপাশি মেধা ও মননে বিকশিত, স্বাধীনতার আদর্শে উজ্জীবিত একটি উন্নত জাতি রাষ্ট্র গঠন আমাদের লক্ষ্য।’
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্যসচিব কামরুন নাহার প্রমুখ।




