সোনাগাজীর ওই বিদ্যালয়ে আগুন দিয়েছিল পিয়ন

ফেনী প্রতিনিধি : সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের একটি ভবনের অফিস কক্ষে স্কুলের পিয়ন আবু বকর (৩৫) অসৎ উদ্দেশ্য আগুন দিয়েছে বলে সাংবাদিকদের নিশ্চত করেছেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান।
শুক্রবার রাত ১০টায় সোনাগাজী মডেল থানায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, প্রাথমিকভাবে আবু বকরের স্বীকারোক্তি মতে আমরা নিশ্চিত হয়েছি, তিনি অসৎ উদ্দেশে স্কুলের মূল্যবান কাগজপত্র পুড়িয়ে দেয়ার জন্য কারো পরোচনায় এ কাজটি করেছে। আমরা তাকে গ্রেফতার করেছি।
তিনি আরো বলেন, আদালতে পাঠিয়ে পরবর্তী স্বীকারোক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনার সাথে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। তারা চেয়েছিল এ সময়ে ঘটনাটি ঘটিয়ে ভিন্ন ক্ষাতে প্রবাহিত করতে, যা সফল হয়নি।
জানা যায়, দীর্ঘদিন ধরে স্কুল কমিটির সাথে প্রধান শিক্ষক জয়নাল আবেদিনের স্কুলের হিসাব নিয়ে দ্বন্দ্ব চলছিল। পুলিশ এ ঘটনায় তাৎক্ষণিক, স্কুলের পিয়ন আবু বকরকে গ্রেফতার করে।
স্কুল কমিটির সদস্য মাস্টার শাহাব উদ্দিন, যিনি এক সময় ওই ইউনিয়ন আ.লীগের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন তিনি জানান, স্কুলের অডিটের পর প্রধান শিক্ষক থেকে স্কুল ১৫ লাখ টাকা পাওনা হয়। ওই টাকার হিসাবের কাগজপত্র নষ্ট করার জন্য প্রধান শিক্ষক অন্য লোক ভাড়া করে এই আগুন লাগাতে পারে বলে অনেকে বলছে। নির্বাচন আগ মুহূর্তে আগুনের ঘটনায় স্থানীয় নির্বাচনী এলাকায় মানুষের মাঝে উদ্বেগ উৎকন্ঠা তৈরি হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সকাল ৬টায় বিদ্যালয়ের অফিস কক্ষে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে সোনাগাজী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।



