খেলা

সেরেনা উইলিয়ামসের স্বপ্ন

সোমবার শুরু হচ্ছে বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন টেনিস। উইম্বলডনের শিরোপা জিতে ক্যারিয়ারের গ্র্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যাটা ২২-এ উন্নতি করার লক্ষ্য বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসের। তাতে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকায় যৌথভাবে দ্বিতীয়স্থানে উঠে আসবেন সেরেনা। তবে সেরেনার স্বপ্নের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারেন স্পেনের গার্বিন মুগুরুজা ও পোল্যান্ডের অগনিয়েস্কা রাদওয়ানস্কা।
এবারের আসরে শীর্ষ বাছাই হয়েই খেলতে নামবেন সেরেনা। শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই কোর্টে পা রাখবেন তিনি। লক্ষ্য ২২তম গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জয়। ইতোমধ্যে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ নিয়েছেন উইলিয়ামস পরিবারের ছোট এই কন্যা। এবারের উইম্বলডন জিতে গ্র্যান্ড স্ল্যামের জয়ের সংখ্যাটা ২২-এ উন্নতি করার স্বপ্নে বিভোর তিনি। তা করতে পারলে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকায় নিজের নাম দ্বিতীয় স্থানে নিয়ে যাবেন সেরেনা। অবশ্য জার্মানির স্টেফি গ্রাফের সাথে দ্বিতীয় স্থান ভাগাভাগি করতে হবে তাকে। ক্যারিয়ারের ২২ গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন গ্রাফ। ২৪টি গ্র্যান্ড জিতে এই তালিকায় সবার উপরে অস্ট্রেলিয়ার মারগারেট কোর্ট।
২২তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের মিশন শুরুর আগে সেরেনা বলেন, ‘এ বছর দু’টি গ্র্যান্ড স্ল্যামে ভালো ফল করতে পারিনি। কোনটিতেই শিরোপা জিততে পারিনি। ভক্তরা আমার ফলাফলে খুব হতাশ হয়েছে। আশা করছি উইম্বলডনে ভক্তদের ভালো কিছু উপহার দিতে পারবো। সবাই আমার দিকে তাকিয়ে। ২২তম শিরোপা জয় নিয়েই বেশি কথা হচ্ছে। আমার মনের মধ্যেও এমনটি রয়েছে। মনের মধ্যে থাকা লক্ষ্যটা বাস্তবে রূপান্তর করতে চাই। উইম্বলডনে সপ্তমবারের মতো শিরোপা জিতে ক্যারিয়ারে রেকর্ডটা আরও একধাপ এগিয়ে নিতে চাই।’
সেরেনা স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন দ্বিতীয় বাছাই স্পেনের মুগুরুজা। গত আসরে সেরেনার কাছে ফাইনাল হেরেছিলেন তিনি। অবশ্য ফাইনাল হারের প্রতিশোধ ইতোমধ্যে নিয়ে নিয়েছেন মুগুরুজা। চলতি বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সেরেনাকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো বড় আসরের শিরোপা জিতেন মুগুরুজা। তাই এই শিরোপার আনন্দে উৎসাহি হয়ে উইম্বলডনেও ভালো ফল করতে উদগ্রীব মুগুরুজা, ‘ফ্রেঞ্চ ওপেনের মতো এখানেও ভালো খেলতে উদগ্রীব আমি। শিরোপা জয়ের স্বাদ কতটা মধুর হতে পারে, তা বুঝতে পেয়েছি ফ্রেঞ্চ ওপেনের ট্রফি জিতে। তাই উইম্বলডনের শিরোপা জয় আমার টার্গেট।’
উইম্বলডনের শিরোপা প্রত্যাশী তৃতীয় বাছাই পোল্যান্ডের রাদওয়ানস্কা। টেনিস ক্যারিয়ারে এখন পর্যন্ত গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ নিতে পারেননি তিনি। তবে সাম্প্রতিক পারফরমেন্সে দারুণ ফর্মে রয়েছেন তিনি। ২০১২ সালের ফাইনালে খেললে, শিরোপা জয় করা হয়নি তার। তবে এবার শিরোপা জয়ের বন্ধ্যাত্ব ঘোচাতে চান রাদওয়ানস্কা, ‘এখন পর্যন্ত গ্র্যান্ড স্ল্যাম জিততে পারিনি। তবে এবার সেই বন্ধ্যাত্ব ঘোঁচাতে হবে। শিরোপা জয়ের জন্য নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবো।’
শিরোপা জয়ের দাবি রাখেন সেরেনার বড় বোন অষ্টম বাছাই ভেনাস উইলিয়ামসও। উইম্বলডনের ড্র ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছে। সবকিছু ঠিক-ঠাক থাকলে এবারের ফাইনাল হয়ে উঠতে পারে উইলিয়ামসদ্বয়। অর্থাৎ ফাইনালেই দেখা হয়ে যেতে পারে সেরেনা ও ভেনাসের। তবে তা হলে সবচেয়ে বেশি খুশী হবে উইলিয়ামস পরিবারের সদস্যরা। তবে সেজন্য অপেক্ষা করতে হবে ১০ জুলাই পর্যন্ত। কারণ, ওইদিনই হবে উইম্বলডনের ফাইনাল। সুত্র: নয়াদিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button