সেমিফাইনালে ম্যাচ পরিত্যক্ত হলে কী ঘটবে?

চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়েই ছিল বৃষ্টির বাগড়া। গ্রুপ পর্বের দু’টি ম্যাচও হয়েছে পরিত্যক্ত। আজ থেকে শুরু হচ্ছে সেমিফাইনাল। প্রশ্ন হলো, সেমিফাইনালে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে কী ঘটবে?
টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন বলছে, বৃষ্টির কারণে সেমিফাইনাল পরিত্যক্ত হলে ফাইনালে উঠবে গ্রুপ পর্বে পয়েন্ট তালিকায় ওপরে থাকা দলটি। নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ায় যে কারণে সুবিধাজনক অবস্থানে আছে ভারত ও ইংল্যান্ড। সে হিসেবে বাদ পড়ে যাবে বাংলাদেশ ও পাকিস্তান। আর খেলা টাই হলে অবশ্য ম্যাচ নিষ্পত্তি হবে সুপার ওভারে।
প্রথম ম্যাচে আজ বুধবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। আর দ্বিতীয় ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের প্রতিপক্ষ প্রতিবেশী ভারত।
তবে বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর হলো ইংল্যান্ডের আবহাওয়াবিদেরা বলছেন, বৃহস্পতিবার এজবাস্টনে বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টি হওয়ার আশঙ্কা কম।



