খেলা

সেভ দ্য চিলড্রেনের দূত হলেন ফুটবলার সাবিনা

এবার নতুন দায়িত্বে দেখা যাবে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে। যুক্তরাজ্যভিত্তিক উন্নয়ন সহযোগী সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’-এর বাংলাদেশ দূত হলেন তিনি। শিশুদের কল্যাণে নিয়োজিত সংস্থাটির সঙ্গে আগামী এক বছরের জন্য চুক্তি সই করেন বাংলাদেশ অধিনায়ক। চুক্তি অনুযায়ী শিশুদের নিয়ে সেভ দ্য চিলড্রেনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন সাবিনা।
‘সূচনা’ কর্মসূচি সিলেট ও মৌলভীবাজার জেলায় কাজ করছে। সেখানে কাজ করবেন সাবিনা। গত রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সংস্থাটির সঙ্গে চুক্তি করেন এই নারী ফুটবলার। এ সময় উপস্থিত ছিলেন ‘সূচনা’র চিফ অব পার্টি ড. শেখ শাহেদ রহমান, প্রোগ্রাম ডিরেক্টর আরিফ আহমেদ, সিনিয়র ম্যানেজার শেখ আলী হায়দার আজমসহ বাফুফের বিভিন্ন সদস্য।
নতুন দায়িত্ব ভালোভাবে পালন করার আশ্বাস দিয়ে সাবিনা বলেন,‌ ‘নতুন দায়িত্ব ভালোভাবে পালন করতে চাই। আশা করি, আমার এই অর্জনে সতীর্থ ফুটবলাররা অনুপ্রাণিত হবে।’
সাবিনাকে নারী ফুটবলের আইকন হিসেবে তৈরি করতে চায় সেভ দ্য চিলড্রেন। সংস্থাটির চিফ অব পার্টি ড. শেখ শাহেদ রহমান বলেন, ‘এই কর্মসূচির মাধ্যমে মেয়েদের ফুটবলের আইকন হিসেবে সাবিনাকে তুলে ধরতে চাই। কীভাবে তিনি ফুটবলে এসেছেন বা তাঁর অবস্থান কোথায়, এসব জানলে সুবিধাবঞ্চিত শিশুরা যেন অনুপ্রাণিত হতে পারে।’
বাংলাদেশের দরিদ্র মা ও শিশুদের পুষ্টি উন্নয়ন নিয়ে কাজ করে থাকে সেভ দ্য চিলড্রেন। এরই মধ্যে সিলেট ও মৌলভীবাজারের ২০টি উপজেলার ১৫৭টি ইউনিয়নের দুই লাখ ৫০ হাজার নারী ও শিশুদের সঙ্গে কাজ করছে সংস্থাটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button