রাজনীতি

সেদিন সিপাহীরা বিদ্রোহ না করলে ক্যান্টনমেন্টগুলো কসাইখানা হতো : তথ্যমন্ত্রী

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, বঙ্গবন্ধুর খুনী ও ক্ষমতালোভী অফিসারদের কামড়া-কামড়ির বিরুদ্ধেই ৭ নভেম্বর সিপাহী বিদ্রোহ করেছিল। তিনি বলেন, সেদিন সিপাহীরা বিদ্রোহ না করলে ক্যান্টনমেন্টগুলো কসাইখানায় পরিণত হতো।
মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউস্থ কর্নেল তাহের মিলনায়তনে সিপাহী-জনতার অভ্যূত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
ইনু আরো বলেন,৭ নভেম্বরের সিপাহী বিদ্রোহ একটি বিপ্লব প্রচেষ্টা। জিয়ার বিশ্বাসঘাতকতায় সিপাহী বিদ্রোহের মহিমা ম্লান হয় না। তিনি বলেন, ৭ নভেম্বরের মহানায়ক তাহের, খলনায়ক জিয়া বরং জিয়া সিপাহীদের সাথে বিদ্রোহ করে, নিজের প্রাণ রক্ষাকারী কর্নেল তাহেরকে ফাঁসি দিয়ে নিজেকে মীর জাফর হিসাবে প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, সিপাহীদের সাথে বিশ্বাসঘাতকতার রাজনীতিই বেগম জিয়া-বিএনপি বহন করে চলেছে। বিএনপির রাজনীতির ভিত্তিই বিশ্বাসঘাতকতা।
ইনু বলেন, শোষণ-বঞ্চনা-বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে তাহের ও ৭ নভেম্বর চির প্রেরণার উৎস। জাসদের সহ-সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, উপদেষ্টা বীর রফিকুল ইসলাম বীর প্রতীক, সহ-সভাপতি আফরোজা হক রীনা, শফি উদ্দিন মোল্লা, মোহর আলী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সামছুল ইসলাম সুমন প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button